তালেবান সম্পর্কে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। নিউজ উইক সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে গত সপ্তাহে জো বাইডেন বলেন, ‘তালেবান আমাদের শত্রু নয়।’বাইডেনের ওই মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক শোরগোল শুরু হয়। কারণ, আফগানিস্তানে বিগত ১০ বছর ধরে তালেবান নেতৃত্বাধীন জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। অবশ্য সাম্প্রতিক সময়ে তারা দেশটির জঙ্গি সমস্যার রাজনৈতিক সমাধানের ওপর আলোকপাত করেছে।রাজধানী কাবুলে গতকাল শনিবার একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, ‘তালেবান তাদের শত্রু নয় বলে আমেরিকা যে ঘোষণা দিয়েছে, তাতে আমরা খুশি। এ ঘোষণা আফগান জনগণের জন্য শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে।’কারজাই আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি চায়, তবে সংলাপের স্বার্থে কাতারে তালেবানের একটি কার্যালয় খোলার পথে তিনি বাধা হয়ে দাঁড়াবেন না। যতক্ষণ যুক্তরাষ্ট্র এ প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকবে, ততক্ষণ তিনি সমর্থন দিয়ে যাবেন। এএফপি।