যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ম্যারাথনে বোমা হামলার ঘটনায় আটক সন্দেহভাজন জোখার সারনায়েভের (১৯) বিরুদ্ধে অভিযোগ আনার প্রস্তুতি নিয়েছেন সরকারি কৌঁসুলিরা। জোখারের বিরুদ্ধে ব্যাপকবিধ্বংসী অস্ত্র দিয়ে মানুষ হত্যার অভিযোগ আনা হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর মৃত্যুদণ্ড হতে পারে।বর্তমানে জোখার বোস্টনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। গলায় গুলি লাগায় তিনি কথা বলতে পারছেন না। একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলেছে, জোখার তদন্ত কর্মকর্তাদের প্রশ্নের জবাব লিখিতভাবে দিচ্ছেন। তবে এ তথ্য সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও বোস্টন পুলিশ বলেছে, তারা এ ধরনের তথ্য সরবরাহ করেনি। এর আগে বোস্টনের মেয়র টম মেনিনো এবিসি নিউজকে বলেছেন, ‘আমরা জোখারকে জিজ্ঞাসাবাদ করতে পারব কি না, তা জানি না।’ তবে সম্প্রচারমাধ্যম এবিসি, এনবিসি ও সিবিএস গত রোববার জানায়, তদন্ত কর্মকর্তাদের প্রশ্নের জবাব লিখিতভাবে দিচ্ছেন জোখার। তাঁর লিখিত তথ্যের মধ্যে হামলায় অংশ নেওয়া সম্ভাব্য চক্রের সদস্যদের নাম এবং বিস্ফোরক পদার্থের বিবরণ রয়েছে। অভিযান চালিয়ে গত শুক্রবার আহতাবস্থায় জোখারকে আটক করা হয়। ওই ঘটনায় পুলিশের গুলিতে জোখারের বড় ভাই তামেরলান সারনায়েভ নিহত হন। বলা হচ্ছে, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা জোখারের পায়ে গুলিকরেছিলেন। পুলিশ দাবি করছে, জোখার তাঁর ভাই তামেরলানকে হত্যা করে থাকতে পারেন। গত বৃহস্পতিবার রাতে গাড়ি ফেলে পালানোর সময় তিনি এ কাজ করতে পারেন। জাতিগত চেচেন জোখার ও তামেরলান প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।১৫ এপ্রিল বোস্টনে ম্যারাথন প্রতিযোগিতার ফিনিশিং লাইনের কাছে ওই বোমা হামলায় তিনজন নিহত এবং ১৮০ জনের বেশি আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন বালক ও দুই নারী রয়েছেন। ম্যাসাচুসেটসের গভর্নর প্যাট্রিক বোমা হামলার ঘটনায় হতাহত ব্যক্তিদের স্মরণে রোববার বোস্টনের বাসিন্দাদের কিছু সময় নীরবতা পালনের অনুরোধ জানান। একই দিন নিহত ২৯ বছর বয়সী রেস্তোরাঁ-কর্মী ক্রিস্টেল ক্যাম্পবেলের অন্ত্যেষ্টিক্রিয়া হয়।বোস্টনের পুলিশপ্রধান এড ডেভিস বলেন, হামলার দুই সন্দেভাজন কোথা থেকে এবং কীভাবে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছেন, কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে। কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা জোখারকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে ঘোষণা দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এটা হলে সন্ত্রাসবাদের অভিযোগে গুয়ানতানামো বে কারাগারে আটক বন্দীদের কাতারে জোখারকেও অন্তর্ভুক্ত করা হবে। অবশ্য সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, শুধু জিজ্ঞাসাবাদের সময় জোখারকে ‘রাষ্ট্রীয় শত্রু’ হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে তাঁর বিচার বেসামরিক ফেডারেল আদালতেই হওয়া উচিত। বিবিসি ও এএফপি।