জোট বাড়াতে গিয়ে বিপাকে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোটের পরিধি বাড়িয়ে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিজেরাই নিজেদের বিপত্তি বাড়িয়ে তুলেছে। পরিত্রাণের চেষ্টায় দলের শীর্ষ নেতারা এখন প্রাণান্ত চেষ্টা চালাচ্ছেন।
বিজেপি এই মুহূর্তে সবচেয়ে বিব্রতকর অবস্থায় রয়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি শিব সেনা বিজেপির প্রথম বিশ্বস্ত সঙ্গী। সেই বালাসাহেব ঠাকরের সময় থেকে বিজেপি-শিব সেনা মধুর সম্পর্ক। আসন ভাগাভাগি নিয়ে দুই দলে কখনো সমস্যা হয়নি। এবার জোটের পরিধি বাড়াতে গিয়ে সেই সমস্যা দেখা দিল। এই রাজ্যে শিব সেনার প্রবল প্রতিপক্ষ রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) সঙ্গে গোপন বোঝাপড়া করতে চেয়েছিল বিজেপি। এতে শিব সেনা বেশ খেপেছে। দলের সভাপতি উদ্ধব ঠাকরে দলের মুখপত্র সামনার বৃহস্পতিবারের সংস্করণে লিখেছেন, ‘এমএনএসের সঙ্গে তলে তলে সমঝোতার মাধ্যমে বিজেপি বিশ্বাসের ঘাটতি সৃষ্টি করছে। বিশ্বাসে ঘাটতি হলে জোটধর্ম পালন করা অসম্ভব।’
জোটধর্ম পালনেরও প্রমাণ দেন উদ্ধব। ১৯৯৬ সালের উদাহরণ দেখিয়ে তিনি লেখেন, ‘ওই বছর গুজরাটের বিদ্রোহী নেতা শঙ্করসিন বাঘেলা দল ত্যাগ করে তাঁর সমর্থন নিয়ে গুজরাটে শিব সেনার সরকার গড়তে বালাসাহেব ঠাকরেকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি বিজেপির হাত ছাড়তে অস্বীকার করেছিলেন। এটাই জোটধর্ম।’
মোদির নেতৃত্বাধীন বিজেপিকে ক্ষমতায় আসতে হলে তাদের এককভাবে অন্তত ২০০ আসন পেতে হবে। পাশাপাশি জোটভুক্ত দলগুলো যদি ২০-২৫টি আসন পায়, তাহলে সরকার গড়তে প্রয়োজনীয় ২৭২ আসন পেতে বিশেষ কাঠখড় পোড়াতে হবে না বলেই মোদি শিবিরের ধারণা। তারা মনে করে, জয়ললিতা, মায়াবতী, নবীন পট্টনায়ক এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার গড়তে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
তার পরও বিজেপির মধ্যে কিছুটা সংশয় রয়েছে। সম্ভবত এই সংশয় দূর করার চেষ্টায় জোটের পরিধি বাড়াতে চাইছে বিজেপি। আর সেখানেই ঘটছে গোলমাল। শিব সেনা ক্ষিপ্ত হলো। একই অবস্থা হরিয়ানায়। সেখানে বিজেপির অনেক দিনের দোসর ওমপ্রকাশ চৌটালার লোক দল। দুই বছর আগে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী কংগ্রেসের ভজনলালের ছেলে কুলদীপ বিষ্ণোইয়ের হরিয়ানা জনহিত কংগ্রেসের সঙ্গেও বিজেপি জোট করে। রাজ্য রাজনীতিতে কুলদীপ ও চৌটালার সম্পর্ক আদায়-কাঁচকলায়। কোণঠাসা চৌটালার লোক দল পাল্টা চাপ দিচ্ছে বিজেপির ওপর।
অন্ধ্র প্রদেশে সাবেক মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টির জনক এন টি রাম রাওয়ের মেয়ে পুরুণ্ডেশ্বরীকে দলে নিয়ে সমস্যায় পড়েছে বিজেপি। তাঁকে দলে নেওয়ায় বেজায় চটেছেন চন্দ্রবাবু নাইডু। নাইডু হলেন রাম রাওয়ের জামাই। একই রকম অবস্থা আসামেও। সেখানে অসম গণপরিষদের দুই শীর্ষ নেতা চন্দ্রমোহন পাটোয়ারি ও হিতেন গোস্বামীকে বিজেপি দলে নিয়েছে। এতে দলের ওপর চাপ সৃষ্টি করছেন সভাপতি সদানন্দ সানোয়ালের অনুসরীরা। জোট বড় করতে গিয়ে দলে যে বিপত্তি সৃষ্টি করছে, শীর্ষ নেতৃত্ব এখন সেটি মোকাবিলায় ব্যস্ত।
সর্বশেষ খবরে জানা গেছে, কংগ্রেস লোকসভা নির্বাচনের জন্য আরও ৭১ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে।