জোট ভাঙনের নতুন আশঙ্কার কথা মেনে নিলেন মনমোহন
ভারতে কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন জোট সরকারে নতুন করে ভাঙনের আশঙ্কা আছে বলে স্বীকার করে নিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং। একই সঙ্গে তাঁর সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।মনমোহন মনে করেন, জোট থেকে নতুন কোনো শরিক দল বেরিয়ে গেলেও পূর্বঘোষিত সময়েই লোকসভার নির্বাচন হবে।গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার সম্মেলন থেকে দেশে ফেরার পথে বিমানে গণমাধ্যমকর্মীদের এসব বলেন মনমোহন সিং। তিনি বলেন, জোট থেকে সমাজবাদী পার্টির (এসপি) বেরিয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এমনটি হলে ছয় মাসেরও কম সময়ের মধ্যে তৃতীয় কোনো দল জোট থেকে বেরিয়ে যাবে।মনমোহন বলেন, ‘নানা বিষয় নিয়ে জোটের শরিকদের মধ্যে মতপার্থক্য আছে। এর জের ধরে কোনো দলের বেরিয়ে যাওয়ার আশঙ্কা নাকচ করা যায় না। তবে আমার আস্থা আছে। আমাদের সরকার পাঁচ বছরের পূর্ণ মেয়াদেই ক্ষমতায় থাকবে। সময় মতোই পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।’মনমোহনের সরকার ইতিমধ্যেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। কিছুদিন ধরে জোট থেকে বেরিয়ে যাবে বলে হুমকি দিয়ে আসছে এসপি। বিশেষ করে সরকারের কয়েক দফা অর্থনৈতিক সংস্কারের ঘটনায় অসন্তুষ্ট এই পার্টি। মনমোহন বলেছেন, যদি এসপি জোট ত্যাগ করে, তাহলেও সংস্কারকাজ চালিয়ে যেতে তাঁর বেগ পেতে হবে না। কারণ, সরকারে না থাকলেও কিছু দল আছে, যেগুলো এই সংস্কারকে সমর্থন দেবে। এ সময়ের মধ্যে দুটি বড় দল মনমোহনের সরকার ত্যাগ করেছে। তাই সরকার অনাস্থা ভোটের ঝুঁকিতে রয়েছে। আগামী বছর লোকসভা নির্বাচন হওয়ার কথা। শ্রীলঙ্কায় তামিলদের ওপর সে দেশের সরকার গণহত্যাসহ বড় ধরনের অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভারত নিন্দা জ্ঞাপনে ব্যর্থ হয়েছে, এমন অভিযোগে গত সপ্তাহে জোট ত্যাগ করে তামিলনাড়ুভিত্তিক দ্রাবিড় মুনেত্রা কাজাগাম পার্টি।এর আগে গত সেপ্টেম্বরে সরকার থেকে বেরিয়ে যায় তৃণমূল কংগ্রেস পার্টি। এএফপি।