জোট ভাঙাগড়ার খেলা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই জমে উঠেছে দল ও জোটের ভাঙা-গড়া আর নতুন সমীকরণ। এই খেলার পরিণতি শেষ পর্যন্ত যে কী হবে, এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। তবে গতকাল মঙ্গলবার বিকল্প সরকার গঠনে ১১টি দল নতুন জোট করার ঘোষণা দিয়ে নতুন সম্ভাবনা জাগিয়ে তুলল।

গত রোববার বিহারে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির যে ইঙ্গিত লোক জনশক্তি পার্টির (এলজেপি) নেতা রামবিলাস পাসোয়ান দিয়েছিলেন, গতকালও তার মীমাংসা হয়নি। বিজেপির সঙ্গে জোট বাঁধার আগে আসন ভাগাভাগির টানাপোড়েন চলছে। পাশাপাশি কংগ্রেস ও লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সঙ্গে যোগাযোগ রাখছেন।

কংগ্রেস ও বিজেপির বাইরে ১১টি দল তৃতীয়বারের মতো গতকাল দিল্লিতে মিলিত হয়। বৈঠকের পর সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত জানান, তাঁরা একজোট হয়ে সারা দেশে বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবেন। লক্ষ্য বিকল্প সরকার গঠন। তবে তৃতীয় ফ্রন্টে প্রধানমন্ত্রী প্রার্থী কে হবেন, তা ঠিক হবে ভোটের পর।

কিন্তু শেষ পর্যন্ত ১১ দলের জোট অটুট থাকবে কি না, সেটা বড় প্রশ্ন। কারণ, জোট বাড়াতে বিজেপিও অবিরাম চেষ্টা করছে। গতকাল বৈঠকে অসম গণপরিষদ ও বিজু জনতা দল ছিল না। সংশয় এআইডিএমকে নেত্রী জয়ললিতাকে নিয়েও। তাঁকে জোটে পেতে বিজেপির শীর্ষ নেতারা সোমবার জন্মদিনে তাঁকে দারুণ অভিনন্দন জানান। এদিকে দুই কমিউনিস্ট পার্টির সঙ্গে আসন সমঝোতার কথা বললেও জয়ললিতা সোমবার তাঁর রাজ্য ও পুডুচেরীর মোট ৪০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। আবার গতকাল ১১ দলের বৈঠকে তাঁর প্রতিনিধি থাম্বিদুরাইকেও পাঠান তিনি। জয়ললিতা যে প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক, তিনি তা আগেই স্পষ্ট করেছেন। জন্মদিনে তা আরও স্পষ্ট হলো। যে কেকটি কাটা হয়, তা ছিল পার্লামেন্ট ভবনের আদলে তৈরি।