জোট সরকারে আপত্তি নেই রাহুলের
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোট হয়নি তৃণমূল কংগ্রেসের। দুই দলই লড়ছে পৃথকভাবে। তবে নির্বাচনের পর সরকার গড়ার প্রশ্নে এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করার পথ খোলা রেখেছে জাতীয় কংগ্রেস।
গতকাল সোমবার দিল্লিতে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী এমন আভাস দিয়েছেন।
নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস, দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘামের (ডিএমকে) মতো দলের সঙ্গে কংগ্রেসের জোট গঠনের সম্ভাবনা আছে কি না, জানতে চান সাংবাদিকেরা। জবাবে রাহুল গান্ধী বলেন, ‘আমাদের রাজনৈতিক আদর্শ ও দর্শনে যাঁরা বিশ্বাসী, তাঁদের সঙ্গে কাজ করতে আমরা সব সময় আগ্রহী। তাঁদের সঙ্গে জোট হতেই পারে।’
এর আগে গত বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি একই কথা বলেছিলেন। সিংভি বলেছিলেন, লোকসভা নির্বাচনের পর সব সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার পথ খোলা রয়েছে।
তৃণমূলের সঙ্গে কি কংগ্রেসের ফের সমঝোতা হতে পারে—এ প্রশ্নের জবাবে সিংভি সাংবাদিকদের বলেন, ‘কংগ্রেসের আদর্শবিরোধী নয়, এমন সব অসাম্প্রদায়িক রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার সম্ভাবনার পথ খোলা রয়েছে।’ তিনি এ কথাও বলেন, ‘কংগ্রেস তার জোটসঙ্গী নির্বাচন করে দলের নীতি ও মতাদর্শের নিরিখে। আবার কোনো দল কংগ্রেস ঘরানার কি না, জোটসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তাও বিবেচনা করা হয়।’
২০০৯ সালের লোকসভা নির্বাচন ও ২০১১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হয়েছিল কংগ্রেস-তৃণমূল জোট করে। এবার উভয় দলের মধ্যে বিরোধ শুরু হলে ভেঙে যায় জোট।