জোর করার জের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াকু মোরগটি ছিল ক্লান্ত। আরেক দফা লড়াইয়ের ইচ্ছা ছিল না তার। কিন্তু মোরগটির মালিক ও প্রশিক্ষক সিংরাই সরেন নাছোড়—লড়তেই হবে তাকে। এই নিয়ে জোরাজুরির একপর্যায়ে খেপে যায় মোরগ। মনিবের ওপর ঝাঁপিয়ে পড়ে সে। এ সময় পায়ের সঙ্গে বাঁধা ধারালো ক্ষুরের পোঁচ লাগে মনিবের গলায়। এতে মারা যান সিংরাই সরেন। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিংরাই সরেনের বন্ধু দেশাই জানান, চার মাস আগে গ্রামের একটি মেলা থেকে মোরগটি কেনেন সিংরাই। এটিকে তিনি ভালো খাবার খাইয়ে মোটাতাজা করেন এবং অন্য মোরগের সঙ্গে লড়াই করার কৌশল শেখান। একপর্যায়ে মোরগটি লড়াইয়ে বেশ দক্ষ হয়ে ওঠে। চারটি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী মোরগকে হারিয়ে সে সুনাম কুড়ায়।এক সপ্তাহ আগে মোরগটিকে নতুন এক প্রতিযোগিতায় নামান সিংরাই। প্রথম লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীকে হারায় সে। কিন্তু প্রতিপক্ষের আঘাতে শরীরের কয়েক জায়গায় জখম হয় তার। ওই এলাকায় মোরগের লড়াইয়ের প্রচলিত নিয়ম, একটি লড়াই শেষ হওয়ার পর লড়াকু মোরগকে কমপক্ষে এক ঘণ্টা বিশ্রাম দেওয়া। প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রতিটি লড়াকু মোরগের দুই পায়ে ধারালো ক্ষুরের ফলা বেঁধে দেওয়া হয়। এতে এক মোরগের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকে। জয়ী মোরগের মালিক পুরস্কার হিসেবে ভারতীয় মুদ্রায় পান দুই হাজার রুপি। হেরে যাওয়া মৃত মোরগটি দিয়ে ভূরিভোজ চলে।বেশির ভাগ মালিক তাঁর মোরগকে দিনে একবার লড়িয়েই খুশি থাকেন। কিন্তু সিংরাই সেদিন তুষ্ট হননি। তাঁর মোরগটি জয়ী হওয়ার কয়েক মিনিট পরই এটিকে প্রতিদ্বন্দ্বীর সামনে ছেড়ে দেন তিনি।দেশাইয়ের ভাষ্য, ক্লান্ত থাকায় মোরগটি কিছুতেই লড়তে চাইছিল না। কয়েকবার সে ফিরে আসার চেষ্টা চালায়। সিংরাই একে বারবার সামনে ঠেলে দেন। একপর্যায়ে মোরগটি খেপে গিয়ে সিংরাইয়ের দিকে ধেয়ে আসে। ডানা ঝাপটে উড়ে পায়ে বাঁধা ক্ষুর চালায় সে। এতে সিংরাইয়ের গলা কেটে যায়। উপস্থিত লোকজন তাঁকে দ্রুত বিনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ! মোরগটি এখন কার কাছে বা কোথায় আছে, তা জানা যায়নি। এ ঘটনায় ওই মোরগের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা হয়েছে। ডেইলি মেইল, ওপেন অনলাইন।