জোর করে ইসলামি আইন চাপিয়েদেবে না ব্রাদারহুড
মিসরের মুসলিম ব্রাদারহুড বলেছে, ক্ষমতায় গেলে তারা দেশের জনগণের ওপর জোরপূর্বক ইসলামি আইন চাপিয়ে দেবে না। ইসলামি আইন চালুর ক্ষেত্রে মানবাধিকার ও জনগণের ব্যক্তিস্বাধীনতা বলি দেওয়া হবে না। গতকাল রোববার দেশটির নির্বাচন কমিশনের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার দেওয়া একটি তালিকা অনুযায়ী, ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি ৩৬ দশমিক ৬২ শতাংশ ভোট পেয়েছে। আর কট্টর ইসলামপন্থী দল সালাফিস্ট আল-নূর পার্টি পেয়েছে ২৪ দশমিক ৩৬ শতাংশ ভোট। এ ছাড়া মধ্যপন্থী আল-ওয়াসাত পেয়েছে চার দশমিক ২৭ শতাংশ ভোট। সব মিলিয়ে মোট ভোটের প্রায় ৬৫ শতাংশই পেয়েছে ইসলামপন্থীরা । ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির উপপ্রধান এশাম এল-ইরিয়ান গত শনিবার এক টেলিফোন সাক্ষাৎকারে বলেছেন, ব্রাদারহুড মিসরে ইসলামিক মুল্যবোধের কঠোর বিধিনিষেধ জবরদস্তি করে চাপিয়ে দিতে আগ্রহী নয়। কারণ, মিসর মুসলিমদের পাশাপাশি সংখ্যালঘু খ্রিষ্টান এবং অন্যান্য সম্প্রদায়েরও আবাসভূমি। এশাম বলেন, ‘আমরা একটি মধ্যপন্থী ও চলনসই দলের প্রতিনিধিত্ব করি। আমরা শরিয়াহ আইনের মৌলিক বিষয়গুলো এমনভাবে প্রয়োগ করতে চাই, যাতে তা মানবাধিকার ও ব্যক্তিগত অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকে। এশামের এ মন্তব্য এ বিষয়টি স্পষ্ট করেছে যে তাঁরা সালাফিস্ট আল-নূর পার্টি থেকে দূরত্ব বজায় রেখে চলছেন। প্রথম ধাপের নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী এই কট্টর ইসলামপন্থী দলটি দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সৌদি আরবের মতো ইসলামি কড়া আইন চালুর পক্ষে এই আল-নূর পার্টি। নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, ইসলামপন্থী এই দল দুটি জোট গঠন করলে তাঁরা পার্লামেন্টের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে। এএফপি ও এপি।