জোর করে বিয়ে দেওয়া বন্ধে যুক্তরাজ্যে নতুন আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ইচ্ছার বিরুদ্ধে জোর করে ছেলেমেয়েকে বিয়ে দেওয়া বন্ধে নতুন আইন করতে যাচ্ছে যুক্তরাজ্য। নতুন আইনটি চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে কার্যকর হবে। সন্তানের মতের বিরুদ্ধে বাবা-মা তাঁকে বিয়ে দিতে চাইলে এখন থেকে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এ জন্য অভিযুক্ত বাবা-মা বা অভিভাবককে কাঠগড়ায় দাঁড় করানো হবে। অপরাধ প্রমাণিত হলে ওই বাবা-মাকে কারাগারে যেতে হবে।এক পরিসংখ্যানে দেখা গেছে, ব্রিটেনে প্রতিবছর আট হাজারের বেশি তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ও শিশুকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়। নতুন আইনটি চালু হলে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা কমে আসবে বলে আশা করা হচ্ছে।যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত জোর করে বিয়ে দেওয়ার অন্তত ৬০০টি ঘটনা তারা সামাল দিয়েছে। ওসব ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে। দেখা গেছে, ভুক্তভোগীদের মধ্যে ১৪ শতাংশই শিশু। এদের বয়স ১৫ বছরের কম।মন্ত্রণালয় বলছে, জোর করে বিয়ে দেওয়ার যেসব ঘটনা তাদের নজরে এসেছে, এর অর্ধেকই পাকিস্তানি বংশোদ্ভূত পরিবারগুলোতে ঘটেছে। এ ছাড়া যুক্তরাজ্যে বসবাস করা বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও তুরস্কের পরিবারগুলোতেও জোর করে বিয়ে দেওয়ার ঘটনা ঘটছে।যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোরপূর্বক বিয়ের ঘটনা প্রতিরোধে দীর্ঘ মতবিনিময় ও পর্যালোচনা করেছে। গত মার্চ মাসে এ পর্যালোচনা শেষ হয়। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ব্যক্তিগত আগ্রহেই মূলত এ-সংক্রান্ত নতুন আইনটি হচ্ছে। সম্মতি ছাড়া কাউকে জোর করে বিয়েতে বাধ্য করার ঘোর বিরোধী ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেন, ‘ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া দাসত্বের চেয়েও বেশি কিছু। এটি ঘোরতর অন্যায়।’ব্রিটিশ সরকার জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতেও ব্যাপক প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে। সরকারি বিজ্ঞাপনে ‘সঙ্গী বাছাই করা প্রত্যেকের ব্যক্তিগত অধিকার’—এ বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হবে।যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে জোরপূর্বক বিয়ে বন্ধে প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে শিগগিরই পাঁচ লাখ পাউন্ডের একটি তহবিল গঠনের ঘোষণা দেবেন। এই অর্থ বিভিন্ন স্কুল ও সংস্থাকে দেওয়া হবে।তবে ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের জন্য চালু হতে যাওয়া নতুন এই আইনের কার্যপরিধি সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী ।এর আগে গত বছরের নভেম্বরে স্কটল্যান্ডে প্রায় একই ধরনের একটি আইন প্রবর্তন করা হয়। ওই আইনে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে পারে, এমন শঙ্কা দেখা দিলে আদালতের আশ্রয় নিতে পারে যে-কেউ। আদালত ওই তরুণ বা তরুণীর নিরাপত্তায় প্রয়োজনীয় নির্দেশনা দিতে সক্ষম। আর যেসব অভিভাবক এ ধরনের অপরাধে জড়িত বলে প্রমাণিত হন, তাঁদের দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।