জোরালো প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচনের আগে গত বৃহস্পতিবার প্রধান তিনটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের দ্বিতীয় টেলিভিশন বিতর্কের পর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে। আরও স্পষ্ট হয়ে উঠেছে ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনাও। দ্বিতীয় বিতর্কের পর তাত্ক্ষণিকভাবে নেওয়া জনমত জরিপে কোনো দলই সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিল না। খবর এএফপি ও বিবিসি’র।ব্রিটেনের পরমাণু নিরোধক-ব্যবস্থা থেকে শুরু করে ইউরোপে দেশটির ভূমিকা নিয়ে কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন ও লিবারেল ডেমোক্র্যাটস পার্টির নেতা নিক ক্লেগের সঙ্গে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের তীব্র বিতর্ক হয়। এবারের বিতর্কে সবার দৃষ্টি ছিল নিক ক্লেগের ওপর। ঔজ্জ্বল্যে তিনি দুই প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যেতে পারেন কি না—সবার ঔৎসুক্য দৃষ্টি ছিল সেদিকে। প্রথম বিতর্কে ক্লেগের উজ্জ্বল উপস্থিতি তাঁর দলকে তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে তুলে আনে। এমনকি কোনো কোনো সময় প্রথম স্থানেও উঠে আসে তাঁর দল।দ্বিতীয় দফার বিতর্কের পর তাত্ক্ষণিকভাবে নেওয়া জনমত জরিপে দেখা যায়, লিবারেল ডেমোক্র্যাটস পার্টির নেতা ক্লেগ সামান্য ব্যবধানে ক্যামেরনের চেয়ে এগিয়ে আছেন। তবে জরিপে দলগুলোর মধ্যে ব্যবধান ছিল সামান্যই। জরিপের ফলাফলে এই ইঙ্গিত মিলছে যে আগামী ৬ মের নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে। ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনাও ক্রমেই জোরালো হয়ে উঠছে।যুক্তরাষ্ট্র স্টাইলের এই টেলিভিশন বিতর্কে প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় নেতাদের অনেকটাই স্বাচ্ছন্দ্য মনে হয়েছে। দ্রুত সামলে উঠে প্রতিপক্ষের ওপর আক্রমণ শাণাতে দেখা গেছে তাঁদের।ক্ষমতাসীন লেবার পার্টির নেতা গর্ডন ব্রাউনের অভিযোগ, বিরোধীরা পরমাণু হামলার বিরুদ্ধে প্রতিরক্ষাব্যবস্থাকে দুর্বল অবস্থায় ফেলে দেবেন এবং দেশকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করে ফেলার ঝুঁকির মধ্যেও ঠেলে দেবেন।