জোরে করমর্দন করলে আঘাতের অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচিত কোনো লোককে দেখে বা অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে পরিচিত হওয়ার জন্য ভদ্রতার খাতিরে হাত বাড়িয়ে করমর্দন করলেন। অপর পক্ষের হাতটা হয়তো একটু জোরেই চেপে ধরলেন। ব্যথায় হয়তো লোকটি কিছুই বললেন না। কিন্তু লোকটি যদি হন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য (এমপি) পল ফ্লিন, তবে তো আপনার খবরই আছে! করমর্দনের মাধ্যমে আঘাত করার অভিযোগে আপনার বিরুদ্ধে হয়তো মামলাই ঠুকে দিতে পারেন তিনি। যুক্তরাজ্যের নিউ পোর্ট থেকে নির্বাচিত ৭৪ বছর বয়সী এমপি পল ফ্লিন মনে করেন, জোরে করমর্দনের মাধ্যমে যাঁরা নিজেদের ব্যক্তিত্বের শক্তিমত্তা প্রমাণ করতে চান, তাঁদের বিরুদ্ধে আঘাত করার অভিযোগ আনা উচিত।পল ফ্লিন তাঁর ব্লগে দাবি করেছেন, করমর্দনের সংস্কৃতি দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে। এটা অপ্রয়োজনীয়, অস্বাস্থ্যকর ও জীবাণু ছড়ায়।পল ফ্লিন বলেন, কিছু আনাড়ি ব্যক্তি জোরে জোরে হাত মিলিয়ে তাঁদের ব্যক্তিত্বের শক্তিমত্তা প্রমাণ করতে চান। তাঁদের বিরুদ্ধে আঘাত করার অভিযোগ আনা উচিত। পল লেখেন, তীব্র যন্ত্রণায় আপনার হয়তো চোখের পানি মুছতে হতে পারে। ব্যথায় মুখ বিকৃত করলেও তাঁরা নিরুত্সাহিত হন না। এমনকি ব্যথায় তীব্র চিত্কার করলেও কোনো লাভ হয় না।পল ফ্লিন বলেন, তিনি এসব নির্বোধ কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোর চেষ্টা করেছেন। কিন্তু বিষয়টি এখনো কেউ বুঝতে পারেনি।বর্ষীয়ান রাজনীতিবিদ পল ফ্লিন এর আগেও তাঁর ব্লগের মাধ্যমে বিভিন্ন বিষয়ে খোলাখুলি মন্তব্য করেন। ১৯৮৭ সালে প্রথম এমপি নির্বাচিত হন তিনি। মাদকবিরোধী আইন ও পরমাণু অস্ত্র নিয়ে জোরালো মতামতের জন্য বেশ পরিচিত তিনি। বিবিসি।