জোসেফ আর ফিরবে না
‘আমি খুব কষ্ট পাচ্ছি। অত্যন্ত কষ্টের সঙ্গে জানাচ্ছি, আমার ছেলে জোসেফ আর কোনোদিন বাড়ি ফিরবে না।’ এমন এক করুণ বার্তা বন্ধু ও আত্মীয়স্বজনের মুঠোফোনে পাঠিয়েছেন জোসেফ ডানবারের মা। ১৭ বছরের জোসেফ নিউজিল্যান্ডের পাইক রিভারখনিতে বিস্ফোরণে অন্য ২৮ শ্রমিকের সঙ্গে মারা গেছে। খনিতে বিস্ফোরণ হলেও আশায় বুক বেঁধে গত পাঁচটি দিন পার করেন নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা। কিছুদিন আগে চিলিতে খনি বিস্ফোরণের ফলে দুই হাজার ৪১ ফুট নিচে আটকে পড়া ৩৩ শ্রমিককে ৬৯ দিন পর উদ্ধারের বিস্ময়কর ঘটনা নিউজিল্যান্ডেও ঘটবে—এমনটাই মনেপ্রাণে চাইছিলেন তাঁরা। প্রথম দিকে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক প্রকার আশ্বাসও পেয়েছিলেন স্বজনেরা। চলতি সপ্তাহেই চীনের একটি খনি থেকে ২৯ শ্রমিককে উদ্ধারের বিষয়টি স্বজনদের সেই আশা অনেকগুণ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু গতকাল বুধবার নিউজিল্যান্ডের পাইক রিভারখনিতে দ্বিতীয় দফা বিস্ফোরণের পর তাঁদের সব আশা মাটি হয়ে গেছে। তাদের কান্নায় গোটা খনি এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। তাঁদের দাবি, প্রথম বিস্ফোরণের পর উদ্ধারকারী দল দ্রুত খনির ভেতর প্রবেশ করলে শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হতো। তাঁরা অভিযোগ করেন, উদ্ধারকারী দলকে পুলিশ তাৎক্ষণিকভাবে খনির ভেতর প্রবেশ করতে দেয়নি। নিহত শ্রমিক জেনের বাবা লরি ড্রেউ। লরি বলেন, প্রথম বিস্ফোরণের পর নিখোঁজ শ্রমিকদের অবস্থানই শনাক্ত করা সম্ভব হয়নি। এটা করতে পারলেও কিছু একটা হতো। কিন্তু এখন সব শেষ। স্ট্রিটার নামের এক ব্যক্তি অভিযোগের আঙুল তুলেছেন পুলিশের দিকে। তিনি বলেন, আমার মনে হয় পুলিশই আমাদের সর্বনাশ করেছে।মাই কার্টিস নামের এক ব্যক্তি বলেন, খনিতে নিখোঁজ মাইকেল মঙ্ক নামের একজনকে আমি চিনি। সে স্থানীয় রাগবি লিগে খেলত। বেশি অর্থ আয়ের উদ্দেশ্যে খেলা ছেড়ে সে তিন মাস আগে খনিতে কাজ করতে যায়। আজ তার এই পরিণতি। এএফপি।