জোড়া বোমায় কেঁপে উঠল সিরিয়ার সেনা সদর দপ্তর
সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল বুধবার সকালে জোড়া বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে সেনা সদর দপ্তর। এদিকে সিরিয়ায় রক্তপাত বন্ধে বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) কার্যকর এবং আরব দেশগুলোকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে কাতার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই আহ্বান জানানো হয়।সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান জোবাই বলেছেন, গতকাল সকালে রাস্তার পাশে পেতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এর একটি বিস্ফোরিত হয় সেনা সদর দপ্তরের ভেতরে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, বিস্ফোরণে সদর দপ্তরের প্রধান ভবনে আগুন ধরে যায়। পরে অনেকক্ষণ ধরে সেনা ও বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি গুলি চলে।এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ পশ্চিমা নেতারা আবারও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন। সাধারণ পরিষদের অধিবেশনে ওবামা বলেন, ‘আসাদ সরকারের অবশ্যই সমাপ্তি টানতে হবে। যাতে সে দেশের মানুষের ওপর নির্যাতনের অবসান ঘটে।’অধিবেশনে কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি বলেন, সিরিয়ায় অব্যাহত রক্তপাত বন্ধে এখন আরব দেশগুলোর হস্তক্ষেপ জরুরি।এর আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানি বলেন, ‘সবার আগে নিরাপদ অঞ্চল দরকার। এ লক্ষ্যে নো ফ্লাই জোন আরোপ করতে হবে।’ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ সাধারণ পরিষদের অধিবেশনে বলেন, সিরিয়ার বেসামরিক নাগরিক ও উদ্বাস্তুদের রক্ষায় জাতিসংঘের পক্ষ থেকে ‘লিবারেটেড জোন’ ঘোষণা করা দরকার।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস বলেছে, মঙ্গলবার সিরিয়ায় সংঘর্ষে অন্তত ১১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এএফপি ও বিবিসি।