জোড়া লাগানো দেহে স্বাভাবিক জীবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাবি হেনসেল ও ব্রিটানি হেনসেল সম্প্রতি ২২তম জন্মদিন উদ্যাপন করেছেন। তাঁদের দুজনের দেহ জোড়া লাগানো। তবু এই প্রতিবন্ধকতা ছাপিয়ে স্বাভাবিক জীবনযাপনে বদ্ধপরিকর দুই বোন পড়াশোনা শেষ করে এখন রীতিমতো চাকরি করছেন।যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা হেনসেল বোনেরা আর সবার মতোই অবকাশ ভ্রমণ, বন্ধুবান্ধবদের সঙ্গে সাক্ষাৎ, গাড়িচালনা, ভলিবলসহ অন্যান্য খেলাধুলায় অংশ নিয়ে পরিপূর্ণ জীবন কাটাচ্ছেন। মিনেসোটার বেথেল বিশ্ববিদ্যালয়ের স্নাতক অ্যাবি ও ব্রিটানি এখন প্রাথমিক বিদ্যালয়ের গণিত বিষয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতার আলাদা অনুমতিপত্র (লাইসেন্স) থাকলেও উপার্জন বিবেচনায় তাঁরা একটু ভিন্ন। অ্যাবি বলেন, তাঁরা দুজন মিলে আসলে একজন শিক্ষকের দায়িত্ব পালন করেন। তাই স্পষ্টতই তাঁরা একজনের বেতন পান। কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে ভবিষ্যতে হয়তো কোনো সমঝোতা হতে পারে। কারণ তাঁরা দুটি ভিন্ন উপায়ে পড়াতে পারেন। ফুসফুস, হূৎপিণ্ড ও পাকস্থলী পৃথক হলেও হেনসেল বোনদের যকৃৎ, অন্ত্র ও প্রজননতন্ত্র অভিন্ন। অল্প বয়স থেকেই তাঁরা সহযোগিতার মাধ্যমে নিজেদের জোড়া লাগানো শরীর নিয়ন্ত্রণ করতে শিখেছেন। অ্যাবির নিয়ন্ত্রণ ডান দিকে এবং ব্রিটানির বাঁ দিকে। অ্যাবির উচ্চতা (৫ ফুট ২ ইঞ্চি) এবং ব্রিটানির (৪ ফুট ১০ ইঞ্চি) চেয়ে বেশি। পায়ের দৈর্ঘ্যের পার্থক্যের কারণে উভয়ের মধ্যে ভারসাম্য রাখতে চলাফেরার সময় অ্যাবিকে বিশেষ কৌশল নিতে হয়। দেশ বা পরিচিত পরিমণ্ডলের বাইরে কোথাও বেড়াতে গেলে এই যমজ বোনদের কখনো কখনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার ভয়ে সতর্ক থাকতে হয়। কারণ লোকজন তাঁদের দেখে প্রায়ই অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখায় এবং কেউ কেউ ছবি তুলতে চায়। অবিচ্ছিন্ন যমজ জন্মানোর হার প্রতি দুই লাখ প্রসবে মাত্র একটি বলে ধারণা করা হয়। বিবিসি।