জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারতে বিক্ষোভ
ভারতে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সে দেশের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল গতকাল শনিবার দেশব্যাপী বিক্ষোভ করেছে। ভারতের পেট্রোলিয়াম-বিষয়ক মন্ত্রী এস জয়পাল রেড্ডি গত শুক্রবার ঘোষণা দেন, ডিজেলের দাম লিটারপ্রতি তিন রুপি, কেরোসিনে দুই রুপি ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সিলিন্ডারপ্রতি ৫০ রুপি বৃদ্ধি করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে জ্বালানির বর্ধিত এ মূল্য কার্যকর হয়েছে।দাম বাড়ানোর ফলে কলকাতায় ডিজেলের লিটারপ্রতি মূল্য বেড়ে ৪৩.৬৯ রুপি, মুম্বাইতে ৪৫.৮৪, দিল্লিতে ৪১.১২ এবং চেন্নাইতে ৪৩.৮০ রুপিতে দাড়িয়েছে। কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারপ্রতি ৪১৭.১০ রুপি আর কেরোসিনের দাম ১৪.৭৩ রুপিতে দাড়িয়েছে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিজেপি ও বামদলগুলো রাজধানী দিল্লি, মুম্বাই ও কলকাতায় বিক্ষোভ-সমাবেশ করেছে। গতকাল বেলা ১১টার দিকে নয়াদিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের আয়োজন করে। এ সময় বিজেপির নেতা ভিকে মালহোত্রা বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগ শোনার পরিবর্তে সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে নির্দয় আচরণ করছে।’ তিনি বলেন, ‘জ্বালানি ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি অযৌক্তিক।’ অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তিনি। নয়াদিল্লিতে বিক্ষোভ চলাকালে সিপিএমের যুব শাখা ডিওয়াইএফআইয়ের শ্রমিকেরা কন্নুরে একটি রেলপথ অবরোধ করেন। এ সময় বিক্ষোভকারীরা কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দেন। তেলেগু দেশম পার্টি নয়াদিল্লি, হায়দারাবাদসহ বিভিন্নস্থানে বিক্ষোভ করে।নয়াদিল্লির পূর্বাঞ্চলীয় লক্ষ্মীনগরের এক গৃহিণী বলেন, ‘সরকার বলছে, পেট্রোলিয়াম কোম্পানিগুলো লোকসান দিচ্ছে, সে জন্যই মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু, আমরা কর প্রদানকারীরা যে ভোগান্তির শিকার হচ্ছি, সেই ক্ষতির কী হবে। এখন আমরা তো আমাদের মৌলিক চাহিদাগুলো বাদ দিতে পারি না।’পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সরকার কয়েক দফায় পেট্রলের দাম বাড়িয়েছে। এক বছরের মধ্যেই কয়েকবার দাম বাড়িয়েছে তারা। কৃষি কাজের জন্য ডিজেলের প্রয়োজন। কাজেই ডিজেল, গ্যাস ও কেরোসিনের দাম বাড়ানোর আগে সরকারকে কয়েকবার ভেবে দেখা উচিত। আমরা (তৃণমূল কংগ্রেস) জ্বালানির মূল্যবৃদ্ধিকে সমর্থন করি না। আমরা জনগণের সঙ্গে আছি।’ মমতা গতকাল বিকেলে পশ্চিমবঙ্গে রান্নার গ্যাসের ওপর আরোপিত ১৬ রুপি বিক্রয় শুল্ক প্রত্যাহার করার ঘোষণা দেন। তবে তিনি ডিজেল ও কেরোসিনের ওপর থেকে বিক্রয়ের কর প্রত্যাহার করেননি। এদিকে ডিজেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে অবিলম্বে বাসভাড়া বাড়ানোর দাবি তুলেছে কলকাতার বাস মালিকদের দুটি বৃহৎ সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ও বেঙ্গল বাস সিন্ডিকেট। বাস ভাড়া বাড়ানোর দাবিতে কেরালায় বেসরকারি বাস অপারেটরদের সমন্বয় কমিটি ২৯ জুন সব ধরনের সার্ভিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।এর আগে গত ১৪ মে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিনই সরকার পেট্রোলের মূল্য লিটারপ্রতি ৫ রুপির বেশি বাড়িয়ে দেয়।