জ্যাকব জুমাই এএনসির প্রধান থাকছেন
দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতৃত্ব নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন জ্যাকব জুমা। গতকাল মঙ্গলবার ভোট গণনার পর তাঁকে জয়ী ঘোষণা করা হয়।জ্যাকব জুমা এএনসির তিন হাজার ৯৭৭ জন প্রতিনিধির মধ্যে ৭৫ দশমিক ১ শতাংশের সমর্থন পেয়েছেন। অবশ্য দক্ষিণ আফ্রিকায় জনমত জরিপে পিছিয়ে থাকা জুমা এবার দলের নেতৃত্ব হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী গ্যালেমা মোতলান্তা পেয়েছেন মাত্র ৯৯১ ভোট।ফলাফল ঘোষণার আগেই জুমার সমর্থকদের অনেকে বিজয় উৎসব উদ্যাপন শুরু করেছেন। দক্ষিণ আফ্রিকার বিচারিক রাজধানী ব্লুমফনটেইনের ম্যানগংয়ে এএনসির সম্মেলন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দলটির বর্তমান প্রধান জ্যাকব জুমার প্রধান প্রতিদ্বন্দ্বী তাঁরই সহকারী গ্যালেমা মোতলান্তা। পরাজিত হওয়ায় এখন তাঁকে দলের পেছনের সারিতে চলে যেতে হচ্ছে। সম্মেলনে জুমার নতুন সহকারী নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী সিরিল রাম্পাফোসা। তিনি পেয়েছেন ৭৬ দশমিক ৪ শতাংশ ভোট।এএনসির নতুন প্রধান জুমা ২০১৪ সালে অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। তবে জনসমর্থন কমায় আগামী নির্বাচনে তাঁকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।এদিকে, দলটির সম্মেলনে বোমা হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে উগ্রপন্থী শ্বেতাঙ্গ চার ব্যক্তিকে পুলিশ গত সোমবার গ্রেপ্তার করেছে। ১৯৯৪ সালে বর্ণবৈষম্যের অবসানের পর থেকে দক্ষিণ আফ্রিকার শাসনক্ষমতায় রয়েছে এএনসি। এএফপি ও বিবিসি।