জ্যাকব জুমাকে নিয়ে আঁকা চিত্রকর্ম নিষিদ্ধ করেননি আদালত
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে নিয়ে আঁকা বিতর্কিত চিত্রকর্ম নিষিদ্ধ করার আইনি উদ্যোগ সফল হয়নি। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে আদালত বলেছেন, চিত্রকর্মটির ওপর নিষেধাজ্ঞা দিলেও তা কার্যকর করা সহজ হবে না।‘দ্য স্পিয়ার’ নামের অ্যাক্রিলিকে আঁকা চিত্রকর্মটিতে প্রেসিডেন্ট জুমা রুশ বিপ্লবের নেতা লেনিনের ভঙ্গিতে দাঁড়ানো। বিতর্কের কারণ হচ্ছে, এতে তাঁর জননাঙ্গ বের করা। রাজনৈতিক ও বিতর্কিত শিল্পকর্মের জন্য সুপরিচিত শিল্পী ব্রিট মারে এটি এঁকেছেন। শিল্পকর্মটিকে ‘অমার্জিত, অশিষ্ট ও অসম্মানজনক’ আখ্যায়িত করে এর প্রকাশ্য প্রদর্শনী নিষিদ্ধ করতে আদালতে যায় জুমার দল ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। কিন্তু গতকাল আদালত বলেন, চিত্রকর্মটি নিষিদ্ধ করার পক্ষে যথেষ্ট কারণ আছে বলে তাঁরা মনে করেন না।জোহানেসবার্গের গুডম্যান গ্যালারিতে ছবিটি প্রদর্শনের পরপরই এ নিয়ে তোলপাড় শুরু হয়। এএনসির কর্মী-সমর্থকেরা গ্যালারিতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং চিত্রকর্মটির ওপর রং মাখিয়ে তা বিকৃত করে দেয়। এএফপি।