জ্যাকসন চাইতেন তাঁর সন্তানদের যেন কেউ না চেনে
পপ তারকা মাইকেল জ্যাকসন তাঁর সন্তানদের মুখোশ পরাতেন। কারণ, তিনি চাইতেন, বাইরের কেউ যেন তাদের চিনতে না পারে। তাঁর মতো ব্যস্ত ও খ্যাতির বিড়ম্বনার জীবন নয়, সন্তানদের স্বাভাবিক শৈশব চেয়েছিলেন তিনি। প্রয়াত পপ তারকার মেয়ে প্যারিস এসব কথা জানিয়েছে।১৩ বছরের এই প্যারিস এক সাক্ষাৎকারে বলেছে, তাদের তিন ভাইবোনকে শৈশবে কেন মুখোশ পরতে বাধ্য করা হতো, তারা তখন বুঝতে পারেনি। সে বলে, ‘আমি সত্যিই বুঝতাম না। বুঝতাম না, কেন আমাকে মুখোশ পরানো হয়েছে। কিন্তু এখন আমি বুঝতে পারছি...আমার বাবা কেন আমাদের মুখ ঢেকে দিতেন।’অপরাহ্ উইনফ্রের উপস্থাপনায় একটি টক শো অনুষ্ঠানে প্যারিস এসব কথা বলেছে। কাল রোববার এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার কথা। প্যারিস বলেছে, ‘আমরা তাঁকে (জ্যাকসন) ছাড়া বাইরে গেলে কেউ-ই আমাদের চিনতে পারত না। ফলে আমরা খুব স্বাভাবিকভাবেই চাক ই চিজি ও টয়স আর ইউএসের মতো জায়গাগুলো ঘুরে বেড়াতে পারতাম।’ সে আরও বলে, ‘তিনি (জ্যাকসন) আমাদের বলতেন, তিনি যখন ছোট ছিলেন তখন তাঁর শৈশব বলে কিছু ছিল না। এই বয়সে ছেলেপেলে যখন খেলাধুলা নিয়ে মেতে থাকে, তিনি তখন গান নিয়ে ব্যস্ত থাকতেন স্টুডিওতে।’প্যারিস বলে, ‘তিনি যখন আমাদের সঙ্গে থাকতেন তখন তিনি খুব সাধারণ একজন মানুষ। আমরা খারাপ কিছু করলে তিনি আমাদের ভুলটা ধরিয়ে দিতেন।’ এএফপি।