জ্যাকসনের চিকিৎসককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর নির্দেশ
প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারিকে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে এক শুনানিতে বিচারক মাইকেল প্যাস্টোর জ্যাকসনকে অনিচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগে চিকিৎসক কনরাড মারির বিরুদ্ধে এই রুল জারি করেন। আইনজীবীরা বলেন, তিনি জ্যাকসনকে স্নায়ুবিক উত্তেজনা প্রশমনকারী অন্য ওষুধের সঙ্গে উচ্চক্ষমতাসম্পন্ন ওষুধ দিয়েছিলেন। চিকিৎসক কনরাড মারি (৫৭) নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি জ্যাকসনকে প্রাণঘাতী কোনো ওষুধ দেননি। তিনি বলেন, ২০০৯ সালের জুনে মৃত্যুর আগে জ্যাকসন অনিদ্রায় ভুগছিলেন। তাই তিনি কেবল এই অনিদ্রার চিকিৎসা করছিলেন বলে দাবি করেন। শুনানির ষষ্ঠ দিনে বিচারক প্যাস্টোর হূদরোগ বিশেষজ্ঞ কনরাডের প্রতি এই রুল জারি করেন। সেই সঙ্গে তিনি ক্যালিফোর্নিয়ায় তাঁর চিকিৎসা কার্যক্রম চালানোর লাইসেন্স বাতিলে ক্যালিফোর্নিয়া মেডিকেল বোর্ডের অনুরোধও মঞ্জুর করেন। বিচারে দোষী সাব্যস্ত হলে কনরাডকে চার বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। এর আগে গোয়েন্দা কর্মকর্তা ওরলান্ডো মার্টিনেজ আদালতে তথ্য-প্রমাণ উপস্থাপন করেন। এএফপি, বিবিসি।