জ্যেষ্ঠ আলেমরাই ফতোয়া দেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে কেবল জ্যেষ্ঠ আলেমরাই ফতোয়া অথবা ইসলামি কোনো নির্দেশনা দিতে পারবেন। সৌদি বাদশাহ আবদুল্লাহ গত বৃহস্পতিবার এই ফরমান জারি করেছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ এ কথা জানিয়েছে।এসপিএ জানায়, ফরমানে বলা হয়েছে—কাউন্সিল অব সিনিয়র ওলামার সদস্যরা একটি নির্দিষ্ট সময়ের জন্য ফতোয়া অনুমোদন করবেন। বিশ্বজুড়ে মুসলমান সম্প্রদায়ের সিয়াম সাধনার মাস রমজানের প্রথম সপ্তাহে বাদশাহ আবদুল্লাহ এই ফরমান জারি করলেন।কাউন্সিলের প্রধান মুফতির সঙ্গে কথা বলে ফতোয়া দেওয়ার ক্ষমতাধারী ব্যক্তিদের একটি তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আবদুল্লাহ। তাঁর দেওয়া ওই নির্দেশে বলা হয়, ‘ফতোয়া নিয়ে এ রকম একটি রায় জরুরি হয়ে পড়েছিল। কারণ অনেক ব্যক্তিই কর্তৃপক্ষকে পাশ কাটিয়ে নিজেদের ইচ্ছেমতো ফতোয়া দিয়ে মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করছিলেন। আমরা বিষয়টি লক্ষ্য করছিলাম। বিচ্ছিন্নভাবে ফতোয়া দেওয়ার এই বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শয়তানদের রুখে দিয়ে ঐক্য অটুট রেখে ধর্মের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদেরই।’বাদশাহ আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, যিনি এই আদেশ অমান্য করবেন, তিনি যেই হোন না কেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনে শাস্তি দেওয়া হবে।সম্প্রতি সৌদি আরবের এক আলেম গান-বাজনা অনৈসলামিক নয় বলে ফতোয়া দেন। রিয়াদের ওই আলেম আদেল আল-কালবানি বলেন, ‘ইসলামে কোথাও পরিষ্কারভাবে বলা হয়নি যে গান-বাজনা হারাম অথবা ধর্মীয়ভাবে নিষিদ্ধ।’ এএফপি।