জ্যোতি বসুর আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউমোনিয়ায় আক্রান্ত পশ্চিমবঙ্গের প্রবীণ কমিউনিস্ট নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি এখনো কলকাতার সল্টলেকের এএমআরআই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন। চিকিত্সকেরা বলেছেন, আরও দুই দিন তাঁকে আইসিইউতে রাখা হবে।জ্যোতি বসুর আরোগ্য কামনা করে পুষ্পস্তবক পাঠিয়েছেন রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল। আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শনিবার হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছেন।শুক্রবার দুপুরে জ্যোতি বসু তাঁর সল্টলেকের বাসভবনে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাঁকে ভর্তি করা হয় ওই হাসপাতালে। জ্যোতি বসুর চিকিত্সার দায়িত্বে রয়েছেন এ কে মাইতির নেতৃত্বে গড়া ছয় সদস্যের একটি চিকিত্সক দল। তাঁরা জ্যোতি বসুকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।