জ্যোতি বসুর জন্মদিন উদ্যাপন করলেন মমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধী দল সিপিএমের সঙ্গে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সম্পর্ক খুব একটা ভালো নয়। তবে বৈরী সম্পর্কের মধ্যেই এই প্রথম তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আগাম জন্মদিন উদ্যাপন করেছেন। জ্যোতি বসুর জন্মদিন আজ রোববার। তবে রোববার বিধানসভার ছুটির দিন হওয়ায় মমতা শুক্রবার তাঁর জন্মদিন উদ্যাপন করেন। এদিন বিধানসভা ভবনে জ্যোতি বসুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মমতা। এ ছাড়া বিধানসভার স্পিকারসহ রাজ্য মন্ত্রিসভার সদস্য ও বিধায়কেরাও জ্যোতি বসুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তবে ওই অনুষ্ঠানে বামফ্রন্ট বা সিপিএমের বিধায়ক বা নেতারা উপস্থিত ছিলেন না। সিপিএম আজ রোববার যথাযোগ্য মর্যাদায় জ্যোতি বসুর ৯৯তম জন্মদিন উদ্যাপন করবে। জ্যোতি বসু ১৯১৪ সালের ৮ জুলাই জন্মগ্রহণ করেন।