জ্যোতি বসুর জন্মদিন পালিত
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ৯৯তম জন্মদিন গতকাল রোববার পালিত হয়েছে। সিপিএম ও এর অঙ্গসংগঠনসহ বেশ কয়েকটি সামাজিক ও নাগরিক সংগঠন এদিন রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে। গতকাল সকালে রাজ্য বিধানসভায় জ্যোতি বসুর প্রতিকৃতিতে বাম বিধায়কেরা পুষ্প অর্পণ করেন। তবে সাবেক বাম বিধায়ক ও মন্ত্রীদের বিধানসভায় জ্যোতি বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ঢুকতে দেওয়া হয়নি। ফলে বিক্ষুব্ধ সাবেক বাম বিধায়কেরা বিধানসভার ফটকের সামনে জ্যোতি বসুর ছবি টাঙিয়ে তাতে শ্রদ্ধা নিবেদন করেন। তৃণমূল কংগ্রেস নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য গত শুক্রবার জ্যোতি বসুর আগাম জন্মদিন পালন করেছেন। ১৯১৪ সালের ৮ জুলাই জ্যোতি বসু জন্মগ্রহণ করেন। ২০১০ সালের ১৭ জানুয়ারি তিনি মারা যান। ১৯৭৭ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা ২৩ বছরের বেশি সময় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন।