জ্যোতি বসুর মৃত্যুতে ভারতজুড়ে শোক
উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর মৃত্যুতে ভারতজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের সব দলই জ্যোতি বসুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপজেলা পরিষদের চেয়ারপারসন থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রীরা শোক প্রকাশ করেছেন।রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল তাঁর শোকবার্তায় বলেছেন, ‘বাংলার উন্নয়নে জ্যোতি বসুর ছিল অসীম অবদান। তিনি ছিলেন জননেতা, দেশবাসী হারাল এই মহান নেতাকে।’ প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘জ্যোতি বসুর প্রয়াণে একটি যুগের অবসান হলো। ষাটের দশকে বাংলার স্থিতিশীলতা ফিরিয়ে দিয়েছিলেন জ্যোতি বসু। আমি তাঁর মৃত্যুতে শোকাভিভূত।’ কংগ্রেসের সভানেত্রী ও ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী বলেছেন, ‘দেশবাসী এক বরেণ্য নেতাকে হারাল। এই ক্ষতি অপূরণীয়।’ বিজেপির কেন্দ্রীয় নেতা লালকৃষ্ণ আদভানি বলেছেন, ‘রাজনৈতিক মতভেদ থাকলেও এ কথা বলতেই হবে, জ্যোতি বসু ছিলেন এক মহান ও তুলনাহীন নেতা।’ বলেছেন, ‘আমি তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে কলকাতা যাব।’ অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেছেন, ‘দেশবাসী হারাল এক অসাধারণ রাজনীতিবিদকে, যিনি অর্ধ শতাব্দী ধরে নেতৃত্ব দিয়েছেন। প্রকৃত দেশপ্রেমিক ছিলেন জ্যোতি বসু।’ রেলমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর জন্য ৭২ ঘণ্টা শোক পালনের আহ্বান জানান। লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় বলেছেন, ‘আমি দ্বিতীয়বার অভিভাবক হারালাম।’ সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় বলেছেন, ‘জ্যোতি বসু ছিলেন প্রকৃত রাজনৈতিক যোদ্ধা। আমি হারালাম আমার ৬০ বছরের এক পুরোনো বন্ধুকে।’ কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন, ‘আজ ভারতবাসী হারাল এক মহান নেতাকে।’এ ছাড়া শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম, আরজেডি নেতা লালু প্রসাদ যাদব, সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব, লোকজনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাশোয়ান, সিপিআইয়ের সাধারণ সম্পাদক এ বি বর্ধন, সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী ও রাজ্যস্তরের বিভিন্ন নেতা। শোক প্রকাশ করেছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী থেকে কলকাতার সর্বস্তরের বিশিষ্টজনেরা। জ্যোতি বসুর মৃত্যুতে জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপিসহ বিভিন্ন দল তিন দিনের জন্য তাদের দলীয় সব কর্মসূচি বাতিল করেছে। সিপিএম পার্টি অফিসে গতকাল দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।