জ্যোতি বসুর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি
পশ্চিমবঙ্গের প্রবীণ কমিউনিস্ট নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। চরম সংকটে রয়েছেন তিনি। গতকাল রোববার স্থানীয় সময় রাত আটটায় হাসপাতাল থেকে প্রচারিত এক মেডিকেল বুলেটিনে হাসপাতালের নির্বাহী পরিচালক ডি এন আগরওয়াল বলেছেন, জ্যোতি বসু সংকটের মধ্যে রয়েছেন। তিনি আচ্ছন্ন অবস্থায় আছেন। তবে শনিবার রাতে একটু উন্নতি লক্ষ করা গেছে। তিনি ডাকে সামান্য সাড়া দিচ্ছেন। তবে তাঁর কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। হূদস্পন্দন ওঠানামা করছে। রক্তচাপ স্বাভাবিক রয়েছে। ফুসফুসে পানি জমেছে। বুলেটিনে আরও বলা হয়, জ্যোতি বসুর কিডনি ঠিকমতো কাজ না করায় তাঁকে ডায়ালাইসিস করার উদ্যোগ নেওয়া হলেও রক্ত পরীক্ষার পর চিকিত্সকেরা তা থেকে সরে আসেন। কারণ, তাঁর যে শারীরিক অবস্থা তাতে তিনি ডায়ালাইসিসের ধকল সইতে পারবেন না। প্রধানমন্ত্রীর কথামতো এবার হাসপাতালের মেডিকেল বোর্ড ভিডিও কনফারেন্সের মাধ্যমে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স বা এইমসের পরামর্শও নিচ্ছেন নিয়মিত। ইতিমধ্যে এইমসে পাঁচজন বিশেষজ্ঞ চিকিত্সক নিয়ে একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।জ্যোতি বসুকে দেখতে গতকাল সকালে কলকাতায় ছুটে যান উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। তিনি জ্যোতি বসুর দ্রুত আরোগ্য কামনা করেন।তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা গতকাল কলকাতায় এক অনুষ্ঠানে জ্যোতি বসুর আশু রোগ মুক্তি কামনা করেন।পশ্চিমবঙ্গের প্রবীণ এই কমিউনিস্ট নেতা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১ জানুয়ারি সল্টলেকের বেসরকারি এএমআরআই হাসপাতালে ভর্তি হন। তাঁর চিকিত্সায় এ কে মাইতির নেতৃত্বে গড়া হয়েছে আট সদস্যের একটি চিকিত্সক দল। ওই হাসপাতালে জ্যোতি বসুকে রাখা হয়েছে সার্বক্ষণিক পর্যবেক্ষণে।