ভারতীয় সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) কুলদীপ সিং ব্রারের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বিভিন্ন এলাকা থেকে পুলিশ গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে। লন্ডন মেট্রোপলিটান পুলিশের একজন মুখপাত্র বলেন, জেনারেল ব্রারকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে সেন্ট্রাল লন্ডনে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। জেনারেল ব্রার লন্ডনের ওল্ড কুইবেক স্ট্রিট এলাকায় সন্ত্রাসীদের হাতে গত রোববার ছুরিকাহত হন। তিনি বলেন, তাঁকে হত্যার উদ্দেশ্যেই ওই হামলা হয়। হামলাকারীরা এশীয় বংশোদ্ভূত এবং তাদের পরনে কালো পোশাক ছিল।পাঞ্জাব রাজ্যের অমৃতসরে শিখ জঙ্গিদের বিরুদ্ধে ১৯৮৪ সালে পরিচালিত ‘অপারেশন ব্লুস্টার’ অভিযানে জেনারেল ব্রার গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এ কারণে তাঁর প্রতি কট্টরপন্থী শিখরা এখনো ক্ষুব্ধ বলে ধারণা করা হয়। শিখ সম্প্রদায়ের পবিত্র শহরে ওই অভিযানে প্রায় এক হাজার মানুষ নিহত হয়। পিটিআই।