আজ ২৬ নভেম্বর মুম্বাই হামলার দুই বছর পার হয়েছে। ২০০৮ সালের এই দিনে এক দল সশস্ত্র সন্ত্রাসী ভারতের বাণিজ্যিক রাজধানীতে হামলা চালায়। এতে নিহত হয় কমপক্ষে ১৬৬ জন। দ্বিতীয় বর্ষপূর্তিতে গতকাল বৃহস্পতিবার ভারত অভিযোগ করেছে, ওই হামলায় জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তির ব্যবস্থা করতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না পাকিস্তান।ভারতের পক্ষ থেকে এ ধরনের বার্তা পাওয়ার কথা নিশ্চিত করে ঊর্ধ্বতন এক পাকিস্তানি কূটনীতিক বলেন, নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশনে একটি আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয়েছে। এতে মুম্বাই হামলার পরিকল্পনাকারীদের বিচারের মুখোমুখি করার ব্যাপারে পাকিস্তানের বাধ্যবাধকতা ও অঙ্গীকার পূরণের আহ্বান জানানো হয়েছে।ওই বার্তায় বলা হয়, যেসব বিষয় উত্থাপন করা হয়েছে, সেগুলোর ব্যাপারে ইসলামাবাদের তরফ থেকে প্রত্যুত্তর না পাওয়ায় নয়াদিল্লি খেদ প্রকাশ করছে। এদিকে হামলার দুই বছর পূর্তি পালনের জন্য মুম্বাইয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে বিলাসবহুল হোটেল, রেলওয়ে স্টেশন, ক্যাফে ও ইহুদি সাংস্কৃতিক কেন্দ্রে ১০ জন বন্দুকধারী হামলা শুরু করে। দীর্ঘ ৬০ ঘণ্টা ধরে এই হামলা চলে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নয়জন হামলাকারী নিহত হয়। একমাত্র জীবিত হামলাকারী আজমল আমির কাসাবকে ভারতীয় আদালতে বিচারের মুখোমুখি করা হয়। বিচারে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন।হামলার পরপরই ভারতের পক্ষ থেকে এ জন্য পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। ভারত ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করা হয়েছে। গত জুন মাসে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম পাকিস্তান সফরে গিয়ে এই হামলায় জড়িত ব্যক্তিদের একটি তালিকা ও অন্যান্য নথিসংক্রান্ত দলিল ইসলামাবাদের কাছে হস্তান্তর করেন। হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে পাকিস্তানে বিচারের মুখোমুখি হয়েছেন জাকিউর লহমান লাখভি ও লস্কর-ই-তাইয়েবার সদস্য জারার শাহ। এএফপি ও পিটিআই অনলাইন।