সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি গত বুধবার প্রথম মুখ খুলেছেন। পরাজয়ের কারণ হিসেবে তিনি চিহ্নিত করেছেন প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে নারী, তরুণ-তরুণী, আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান ও হিস্পানিক সম্প্রদায়কে দেওয়া ‘উপহারসামগ্রীকে’। রমনির অভিযোগ, গুরুত্বপূর্ণ নির্বাচনী অঞ্চলগুলোতে ডেমোক্রেটিক পার্টির জয়ের লক্ষ্যে ওবামা ‘পুরোনো কৌশল’ বেছে নিয়েছেন। ভোটারদের নির্দিষ্ট কয়েকটি অংশকে বিপুল পরিমাণ উপহারসামগ্রী দেওয়ার বিনিময়ে সমর্থন আদায় করা হয়। বিশেষ করে, শিক্ষাঋণ মওকুফের বিষয়টি তরুণ-তরুণীদের জন্য ছিল বড় উপহার। রমনি আরও বলেন, ওবামার সমর্থকদের মধ্যে বিনা মূল্যে গর্ভনিরোধক-সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব বিষয়কে পুঁজি করে ওবামা বড় সাফল্য পেয়েছেন। স্বাস্থ্য খাতে তাঁর বিতর্কিত সংস্কারের বিষয়টিও তরুণ-তরুণীদের সমর্থন আদায়ে সহায়ক হয়েছে। এএফপি।