জয়ের উৎসবে জনতার কাতারে সোনিয়াও
স্বপ্নের বিশ্বকাপ জয়। উৎসবে মাতোয়ারা সারা ভারত। দিল্লির রাজপথেও হাজার হাজার মানুষের ঢল। শনিবার রাতে ক্রিকেট সমর্থকদের সঙ্গে যোগ দেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। নিরাপত্তাবেষ্টনী ভেঙে ক্ষণিকের জন্য তিনিও মিশে যান জনগণের কাতারে।ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী নিহত হওয়ার পর থেকে সোনিয়া এবং তাঁর দুই ছেলেমেয়ের নিরাপত্তা নিয়ে সব সময়ই উদ্বিগ্ন থাকে ভারত সরকার। কিন্তু সেই উদ্বেগও দমাতে পারেনি সোনিয়াকে। শনিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা দেখা শেষে সোনিয়া গান্ধী দিল্লিতে পৌঁছান। এ সময় দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গের কাছে একটি সড়কে যানজটে আটকা পড়েন তিনি। এ সময় জনতার উল্লাস দৃষ্টি কাড়ে তাঁর। সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে জনতার আনন্দ-উল্লাসে যোগ দেন তিনি। এ সময় সোনিয়ার গাড়ির প্রহরায় ছিল আরও দুটি গাড়ি।ভারতীয় টিভি চ্যানেলগুলোর খবরে বলা হয়, সাদা প্রিন্টের সালোয়ার-কামিজ পরা সোনিয়া তখন জনতার সঙ্গে হাত মেলানোর পাশাপাশি বলছিলেন, ‘অভিনন্দন সবাইকে, বিশ্বকাপ জয়ের এ কৃতিত্ব আমাদের সবার।’ স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমার বিশ্বাসই হচ্ছে না, সোনিয়া গান্ধী আমাদের মাঝে।...খুব ভিড় ছিল, তবে ঠেলে-ঠুলে তাঁর সঙ্গে হাত মেলাতে পেরেছি। তাই নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’রাহুলের মধ্যাহ্নভোজ: বিশ্বকাপ জয়ের আনন্দ গত শনিবার মুম্বাইয়ের জিরগম চৌপট্টির নিউইয়র্কার রেস্তোরাঁর কর্মচারীরা গোটা ভারতবাসীর সঙ্গেই উদ্যাপন করেছেন। কিন্তু খেলা শুরুর আগেই তাঁদের জীবনে ঘটে যায় অন্যরকম এক ঘটনা। যা কর্মচারীদের সকালটা মুহূর্তেই বদলে দেয়। আর এ ঘটনার নেপথ্যে আছেন সোনিয়াতনয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী।শনিবার সকাল থেকে ওই রেস্তোরাঁয় তেমন লোকজন ছিল না। এ ছাড়া বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে সড়কগুলোও ছিল ফাঁকা। কিন্তু হঠাৎ করেই ওই রেস্তোরাঁয় উপস্থিত হন রাহুল ও তাঁর বন্ধুরা। যদিও কোনো ভিআইপির সেখানে থামার কথা ছিল না।বিমানবন্দর থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাওয়ার পথে হঠাৎ করেই রাহুলের গাড়িবহর নিউইয়র্কার রেস্তোরাঁর সামনে থেমে যায়। এরপর রাহুল ও তাঁর বন্ধুরা সেখানে মধ্যাহ্নভোজ সারেন। খেলা শুরুর মাত্র আধা ঘণ্টা আগে তাঁরা রেস্তোরাঁ ত্যাগ করেন।রেস্তোরাঁর ব্যবস্থাপক পেরুমল পিল্লাই জানান, রাহুল ও তাঁর বন্ধুদের খাবারের মোট বিল হয়েছিল দুই হাজার ২৩৩ রুপি। আর মজার বিষয়, বিলের অর্থ তাঁরা সাত বন্ধু ভাগ করে দিয়েছেন। পিটিআই অনলাইন।