জয়ের পথে পোরেশেঙ্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ফল গতকাল সোমবার প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ পশ্চিমাপন্থী ধনাঢ্য ব্যবসায়ী ও সাবেক মন্ত্রী পেত্রো পোরেশেঙ্কো ৫৪ শতাংশের কাছাকাছি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন৷ সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমাশেঙ্কো পেয়েছেন মাত্র ১৩ শতাংশ ভোট৷ খবর এএফপি, রয়টার্স ও বিবিসির৷

ইউক্রেনের নতুন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া৷ তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান অবশ্যই বন্ধ করতে হবে৷

গণ-আন্দোলনের মুখে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হওয়ার পর গত রোববার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়৷ সাড়ে তি​ন কোটির মতো ভোটারের প্রায় ৬০ শতাংশই ভোট দিয়েছেন৷ অর্ধেকের কিছুটা বেশি ব্যালট গণনা শেষে দেখা যায়, ৪৮ বছর বয়সী পোরেশেঙ্কো ৫৩ দশমিক ৮৬ শতাংশ ভোট পেয়েছেন৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিমাশেঙ্কো পেয়েছেন মাত্র ১৩ দশমিক ১ শতাংশ ভোট৷ চূড়ান্ত ফলে পোরেশেঙ্কো ৫০ শতাংশের বেশি ভোট পেলে দ্বিতীয় দফায় ভোটের দরকার হবে না৷

পোরেশেঙ্কো অধিকতর কার্যকর সামরিক অভিযান চালানোর মাধ্যমে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে দেশের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ কিয়েভের দখলে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন৷

দোনেস্ক পুনরুদ্ধারে বিমান হামলা: রুশপন্থী বিদ্রোহীদের দখল থেকে দোনেস্ক বিমানবন্দর পুনরুদ্ধারে তাঁদের লক্ষ্য করে গতকাল বিমান হামলা শুরু করেছে ইউক্রেনের সেনারা৷ তবে, ওই এলাকায় দুই পক্ষের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধের পর সন্ধ্যার দিকে এ হামলা কিছুটা প্রশমিত হয় বলে দৃশ্যত মনে হচ্ছে৷

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট হতে যাওয়া পোরেশেঙ্কো দেশের সংকট নিরসনে রাশিয়ার সঙ্গে আলোচনার আগ্রহের কথা জানানোর মধ্যেই এ লড়াইয়ের ঘটনা ঘটল৷