ঝলমলে শহর এখন ভুতুড়ে নগর
ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের জীবনযাত্রা এখনো কার্যত অচল। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ঝলমলের আলোর শহরগুলো এখন ভুতুড়ে নগরে পরিণত হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সময় লাগবে। মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।গত সোমবার থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড় এবং বৃষ্টির তাণ্ডব থেমে গেছে। উপড়ে যাওয়া গাছ পড়ে আছে রাস্তাঘাটে। বিদ্যুতের লাইন ধসে পড়েছে। সাড়ে আট লাখ মানুষ গতকাল পর্যন্ত বিদ্যুৎহীন ছিল। বিদ্যুৎ না থাকায় ফোন, ইন্টারনেট কাজ করছে না। বহু এলাকার মুঠোফোনের সিগন্যাল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে আছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সব কর্মসূচি বাতিল করেছেন। ক্ষতিগ্রস্ত জনসাধারণের জন্য কেন্দ্রীয় সহযোগিতা সহজ করার প্রশাসনিক নির্দেশ জারি করেছেন তিনি।মহাসড়ক, ব্রিজ ও টানেল মঙ্গলবার দুপুর থেকে সতর্কভাবে খুলে দেওয়া হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিসহ ১৪টি অঙ্গরাজ্যে বিপর্যস্ত বিদ্যুৎব্যবস্থা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে। দক্ষিণ-পশ্চিমের অঙ্গরাজ্য ও কানাডা থেকে বিদ্যুৎকর্মী নিয়ে আসা হচ্ছে। ভেঙে পড়া বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারে ঠিক কত দিন লাগবে, গ্রাহকদের জানাতে পারছে না বিদ্যুৎ কোম্পানিগুলো। বিদ্যুৎ-সংযোগ না থাকায় ঘরবাড়িতে তাপব্যবস্থা অচল হয়ে পড়েছে। এতে শিশু ও বয়স্ক লোকদের কষ্ট হচ্ছে বেশি। আশ্রয়কেন্দ্রগুলোতে ‘তিল ঠাঁই নেই’ অবস্থার সৃষ্টি হয়েছে।নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ জার্সির মধ্যাঞ্চল। দক্ষিণের আটলান্টিক সিটি থেকে মিডলসেক্স কাউন্টি পর্যন্ত স্যান্ডির তাণ্ডব ছিল চরমে। গতকাল পর্যন্ত আটলান্টিক সিটির মূল নগরকেন্দ্রে জলাবদ্ধতা দেখা গেছে। ক্যাসিনোর ঝলমল আলোর শহর যেন ভুতুড়ে নগরে পরিণত হয়েছে। আটলান্টিক সিটিসংলগ্ন এলাকায় বসবাসরত সাংবাদিক এন ফারার প্রথম আলোকে জানান, বিদ্যুৎ না থাকায় ঘরের মধ্যেও শীতে তাঁরা জমে যাচ্ছেন। বিদ্যুৎ-সংযোগ ফিরে আসার জন্য অপেক্ষা করছেন তাঁরা।গণপরিবহন: নিউইয়র্কের বাস চলাচল মঙ্গলবার দুপুর থেকে আংশিক শুরু হয়েছে। বিনা ভাড়ায় যাত্রী পরিবহন করা হচ্ছে। পাতালরেল চালু হয়নি। ম্যানহাটনের দক্ষিণের বেশ কয়েকটি পাতাল রেলস্টেশনে পানি উঠে গেছে। অবস্থা পর্যবেক্ষণ করে নিরাপদ এলাকাগুলোতে প্রথমে রেল যোগাযোগ চালু হবে বলে জানানো হয়েছে। নিউইয়র্কের সঙ্গে যোগাযোগের বড় বড় মহাসড়ক ও সেতু আংশিক খুলে দেওয়া হয়েছে। হল্যান্ড টানেল মঙ্গলবার রাত পর্যন্ত বন্ধ রয়েছে।নিউইয়র্ক ও নিউ জার্সির বিমানবন্দরগুলোতে ১৫০০ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রাপথে বিমানবন্দরগুলোতে আটকা পড়েছে অগণিত যাত্রী। ঠিক কখন বিমান চলাচল স্বাভাবিক হবে, তা জানাতে পারছে না এয়ারলাইনসগুলো। আমেরিকান এয়ারলাইনসের অনুসন্ধান বিভাগে যোগাযোগ করা হলে এই প্রতিবেদককে জানানো হয়, শুক্রবারের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে হচ্ছে না।বিধ্বস্ত ঘরবাড়ি: বিদ্যুতের তার পড়ে এবং বড় বড় গাছ উপড়ে পড়ে নিউইয়র্ক ও নিউ জার্সিতে ১০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির সামনে রাখা গাড়ি চাপা পড়েছে বড় গাছগাছালির নিচে। বিদ্যুৎ দুর্ঘটনায় নিউইয়র্কের কুইন্স এলাকায়ই ৮০টি বাড়ি আগুনে পুড়ে গেছে। নিউ জার্সিতে এই প্রতিবেদকের বসবাস এলাকায় ১১টি বাড়ি আগুনে পুড়েছে।ওবামা ও রমনির তৎপরতা: প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র সাত দিন আগে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে থমকে দাঁড়িয়েছে নির্বাচনী উত্তেজনা। প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনি উভয়েই প্রচারণার বদলে প্রাধান্য দিচ্ছেন দুর্গত অঞ্চলকে। প্রেসিডেন্ট বারাক ওবামা নিউজার্সিতে স্যান্ডি-উপদ্রুত অঞ্চল সফর করছেন। মিট রমনি উপদ্রুত অঞ্চলে সাহায্য পাঠানোর জন্য ওহাইওতে ত্রাণ সংগ্রহের তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছেন। তিনি নিজে সেখানে ত্রাণ কার্যক্রম তদারক করছেন।প্রেসিডেন্ট ওবামা ওয়াশিংটনে রেডক্রস সদর দপ্তরে বৈঠক করেছেন। কেন্দ্রীয় কর্তৃপক্ষকে দ্রুত সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো আমলাতান্ত্রিকতা নয়, লাল ফিতা নয়, যত দ্রুত সম্ভব যেন দুর্গতদের সাহায্য পৌঁছে দেওয়া হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ এবং নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি সম্পর্কে অবহিত হচ্ছেন।