ঝাড়ু প্রতীক নিয়ে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আম আদমি পার্টির (এএপি) নির্বাচনী প্রতীক ঝাড়ু নিয়ে এবার বিবাদ শুরু হয়েছে। এ নিয়ে মামলাও হয়েছে উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্টে।
সদ্য অনুষ্ঠিত দিল্লি বিধানসভার নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের নতুন দল আম আদমি পার্টি ঝাড়ু প্রতীক নিয়ে লড়ে জয়ী হয়ে দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে রাজনীতিতে নেমেছেন কেজরিওয়াল। এই জয়ে কেন্দ্রশাসিত দিল্লির শাসন ক্ষমতায় আসে তাঁর দল। কেজরিওয়াল ঝেঁটিয়ে সমাজ ও রাষ্ট্র থেকে অনিয়ম-অনাচার দূর করতে চান বলেই দলের প্রতীক ঝাড়ু।
২০১২ সালে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের আঞ্চলিক দল নৈতিক পার্টি এই ঝাড়ু প্রতীক নিয়েই লড়েছিল। নৈতিক পার্টি আসন্ন লোকসভা নির্বাচনে ঝাড়ু প্রতীক নিয়ে লড়ার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করেছে। ঝাড়ু প্রতীক আম আদমি পার্টিকে বরাদ্দ করায় নৈতিক পার্টি এলাহাবাদ হাইকোর্টে মামলা করে।
আদালতের বিচারকেরা বৃহস্পতিবার মামলার শুনানি শেষে নির্বাচন কমিশন এবং এএপির কাছে জানতে চেয়েছেন, কেন নৈতিক পার্টিকে ঝাড়ু প্রতীক বরাদ্দ করা হবে না। এর জবাব দিতে হাইকোর্ট তিন সপ্তাহ সময় দিয়েছেন।