বিদায় ২০২০
ঝুঁকি নিয়েও নিজের পথে যুক্তরাজ্য
ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্য ইতিমধ্যে ক্ষতির শিকার। দেশটির অর্থনীতি শ্লথ হয়েছে। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান তাদের প্রধান কার্যালয় যুক্তরাজ্য থেকে ইইউতে সরিয়ে নিয়েছে। ব্রেক্সিটের প্রভাবে যুক্তরাজ্যের ক্ষতির কয়েকটি উল্লেখযোগ্য খাত হলো প্রবৃদ্ধি, বাণিজ্য ও কর্মসংস্থান।
বিচ্ছেদে কত জ্বালা, সেটা যুক্তরাজ্যের চেয়ে ভালো আর কে জানে! বড় ঝুঁকি মাথায় নিয়েই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটি বিচ্ছেদ দিয়ে বছর শুরু করে। তারপর সারা বছর কাটে উদ্বেগ-অনিশ্চয়তায়। বছরের একদম শেষ প্রান্তে এসে বিচ্ছেদসংক্রান্ত হিসাব-নিকাশ পাকাপাকি করতে পেরে একটা বড় স্বস্তি পায় যুক্তরাজ্য। তবে দীর্ঘদিনের জোটবদ্ধ সম্পর্ক চুকিয়ে একলা চলার জন্য যুক্তরাজ্যকে ইতিমধ্যে মাশুল গুনতে হচ্ছে। ভবিষ্যতেও দেশটিকে নানা ঝুঁকির মধ্য দিয়ে যেতে হতে পারে।
যুক্তরাজ্যের বিচ্ছেদের গল্পটি বেশ লম্বা। অনেক টানাপোড়েনের পর ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা না-থাকার প্রশ্নে ২০১৬ সালে যুক্তরাজ্যে গণভোট হয়। গণভোটে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষে ঐতিহাসিক রায় আসে। ব্যবধান খুব বেশি নয়। ৫২ শতাংশ ব্রেক্সিটের পক্ষে, ৪৮ শতাংশ বিপক্ষে। রায়ের পর বিচ্ছেদ কার্যকরের রূঢ় বাস্তবতার মুখোমুখি হয় যুক্তরাজ্য।
২০২০ সালের ৩১ জানুয়ারি আনন্দ-বেদনার মিশ্র অনুভূতির মধ্য দিয়ে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর হয়। ইতি ঘটে দীর্ঘ ৪৭ বছরের সম্পর্কের। যুক্তরাজ্য থেকে নেমে যায় ইইউর পতাকা। ইইউ থেকে সরে যুক্তরাজ্যের পতাকা।
ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যে শুরু হয় তুমুল তর্কবিতর্ক, এমনকি কাদা–ছোড়াছুড়ি। রাজনৈতিক বিরোধে পেরিয়ে যায় তিন বছরের বেশি সময়। ব্রেক্সিট বিরোধে থেরেসা মের বিদায়ের পর ২০১৯ সালের জুলাইয়ে নতুন প্রধানমন্ত্রী হন বরিস জনসন। কট্টর ব্রেক্সিটপন্থী এই নেতা একই বছরের ডিসেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বিপুল জয় পান। সুদৃঢ় অবস্থান নিয়ে ক্ষমতায় ফেরেন তিনি। এবার ব্রেক্সিট কার্যকরের পথ সহজ হয়ে যায়। ২০২০ সালের ৩১ জানুয়ারি আনন্দ-বেদনার মিশ্র অনুভূতির মধ্য দিয়ে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর হয়। ইতি ঘটে দীর্ঘ ৪৭ বছরের সম্পর্কের। যুক্তরাজ্য থেকে নেমে যায় ইইউর পতাকা। ইইউ থেকে সরে যুক্তরাজ্যের পতাকা।
অনেকটা ‘শেষ হয়েও হইল না শেষ’ অবস্থা। ব্রেক্সিট কার্যকরের পর ইইউর সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নিয়ে শুরু হয় আলোচনা। ইইউ-যুক্তরাজ্যের মধ্যকার এই আলোচনার প্রধান বিষয় ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য সম্পর্ক। এ ক্ষেত্রে একমত হওয়ার শেষ সময় নির্ধারিত হয় ২০২০ সালের ৩১ ডিসেম্বর।
রূপান্তরের সময়টাও যথারীতি বন্ধুর। ইইউর সঙ্গে কিছুতেই যুক্তরাজ্যের বনিবনা হচ্ছিল না। দফায় দফায় আলোচনা। কখনোবা অচলাবস্থা। এভাবে কেটে যায় মাসের পর মাস। তবু সমঝোতার দেখা নেই। এদিকে নির্ধারিত সময়সীমাও ঘনিয়ে আসে। অবস্থা এমন দাঁড়ায়, বাণিজ্য চুক্তি ছাড়াই ব্রেক্সিট বাস্তবায়নের আশঙ্কা দেখা দেয়।
একদম শেষ মুহূর্তে আসে সুখবর। আসে বহুল কাঙ্ক্ষিত সমাধানের ঘোষণা। দীর্ঘ অনিশ্চয়তা ও দোলাচলের পর ২৪ ডিসেম্বর দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয়।
উল্লাসে ফেটে পড়েন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। টুইট করেন ‘ডিল ইজ ডান’। সঙ্গে জুড়ে দেন নিজের উচ্ছ্বসিত একটি ছবি। দুই হাত উঁচুতে তুলে বুড়ো আঙুল দেখিয়ে বিজয়ের ভঙ্গিমা প্রকাশ করেন তিনি। পরে বরিস বলেন, এযাবৎকালের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি তাঁরা করেছেন। অন্যদিকে ইইউর প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, দীর্ঘ ও ঝড়ঝঞ্ঝাপূর্ণ পথ পাড়ি দিয়ে একটা ভালো চুক্তি হয়েছে।
চুক্তিটি ১ জানুয়ারি কার্যকর হবে। চুক্তি কতটা ভালো হয়েছে, তা স্পষ্ট হতে সময় লাগবে। তবে ‘নাই মামার চেয়ে কানা মামা ভালো’, এই অর্থে চুক্তি ছাড়া বিচ্ছেদের চেয়ে চুক্তি হওয়ার বিষয়টি অবশ্যই ভালো।
ব্রেক্সিটপন্থীরা এই বিচ্ছেদকে যুক্তরাজ্যের স্বাধীনতা অর্জনের মতো বিষয় হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, চুক্তির পর যুক্তরাজ্য নিজেদের পরিচয়ে নিজের মতো করে চলবে। যুক্তরাজ্যের সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে।
ব্রেক্সিটপন্থীরা যতই উল্লাস করুক না কেন, এই বিচ্ছেদের কারণে যুক্তরাজ্য ইতিমধ্যে অনেক মূল্য দিয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে চরম বিভক্তি সৃষ্টি হয়েছে। ইইউর সঙ্গেও কম তিক্ততা হয়নি। ব্রেক্সিট সামাল দিতে হিমশিম খাওয়ার দরুণ বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাজ্যের দুর্বলতা লক্ষ করা গেছে। দেশটির অর্থনীতিও ক্ষতির শিকার।
দীর্ঘ ও ঝড়ঝঞ্ঝাপূর্ণ পথ পাড়ি দিয়ে একটা ভালো চুক্তি হয়েছে।
বিদায়ী বছরের মার্চের মাঝামাঝি অর্থনৈতিক বিশ্লেষক কিম্বারলি এক নিবন্ধে উল্লেখ করেন, ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্য ইতিমধ্যে ক্ষতির শিকার। দেশটির অর্থনীতি শ্লথ হয়েছে। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান তাদের প্রধান কার্যালয় যুক্তরাজ্য থেকে ইইউতে সরিয়ে নিয়েছে। ব্রেক্সিটের প্রভাবে যুক্তরাজ্যের ক্ষতির কয়েকটি খাতের কথা উল্লেখ করেন তিনি। এগুলো হলো প্রবৃদ্ধি, বাণিজ্য ও কর্মসংস্থান।
২২ ডিসেম্বর দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সেবা খাতকে গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে ব্রেক্সিট।
ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যকে ভবিষ্যতে আরও মূল্য দিতে হতে পারে বলে বিশ্লেষকেরা পূর্বাভাস দিচ্ছেন।
চুক্তির ঘোষণা আসার পর ২৪ ডিসেম্বর সিএনএন অনলাইনের এক বিশ্লেষণে বলা হয়, এই চুক্তি যুক্তরাজ্যকে আরও দরিদ্র করবে। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান অফিস ফর বাজেট রেসপনসিবিলিটির (ওবিআর) পূর্বাভাসের বরাত দিয়ে বিশ্লেষণে বলা হয়, ইইউর সঙ্গে নতুন সম্পর্কের পর যুক্তরাজ্যের জিডিপি দীর্ঘ মেয়াদে প্রায় ৪ শতাংশ সংকুচিত হতে পারে।
এ ছাড়া যুক্তরাজ্যের বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি ও অর্থনৈতিক সেবা খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়।