ঝুঁকিতে অ্যাসাঞ্জের পরিবার
যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, তাঁর পরিবার ঝুঁকির মধ্যে আছে। আশ্রয় লাভের চেষ্টায় লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে যাওয়ার ১০০ দিন পর গতকাল রোববার ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।৪১ বছর বয়সী অ্যাসাঞ্জ বলেন, ‘আমি নিশ্চিতভাবেই ঝুঁকির মধ্যে আছি। আর কেউ যদি কোনো মতাদর্শ বা রাজনৈতিক ধ্যান-ধারণায় বিশ্বাস করে, তা হলে সেটার জন্য মূল্য দিতে হতে পারে—এটা না-হয় ঠিক আছে। কিন্তু আমার ছেলে-মেয়ে তো কিছুই করেনি। তাদের কেন সেই মূল্য দিতে হবে?’অ্যাসাঞ্জ বলেন, যুক্তরাষ্ট্রের ডানপন্থী ব্লগাররা উইকিলিকসের প্রকাশনা বন্ধে বাধ্য করতে আমার পরিবারকে লক্ষ্যবস্তু করতে চাইছে। তিনি বলেন, ‘এ জন্য তারা আমার ছেলেকে লক্ষ্যবস্তু করেছে। এটা বড় ধরনের সমস্যা।’তবে এক ছেলে ও এক মেয়ের বাবা অ্যাসাঞ্জ নিরাপত্তার কথা ভেবে নিজের সন্তানদের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেন, ‘ব্যস্ততার মধ্যেও আমি অস্ট্রেলিয়ায় ছেলেকে ১৪ বছর লালন-পালন করেছি। তবে গৃহবন্দী হওয়ার কিছুদিন আগে থেকে আমি আমার কোনো সন্তানকে দেখিনি।’ ক্যানবেরা টাইমস।