ঝুলন্ত সংসদ, বড় দল বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজেপি নেতা নরেন্দ্র মোদি
বিজেপি নেতা নরেন্দ্র মোদি

আগামী বছর লোকসভা নির্বাচনে ভারতে ঝুলন্ত সংসদ হতে চলেছে। টাইমস নাউ ও সিভোটারের যৌথ জরিপ এমনই ইঙ্গিত দিচ্ছে।

জরিপে বলা হয়েছে, এই নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করবে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি। তারা পাবে ১৬২টি আসন। বর্তমান লোকসভায় তাদের আসনসংখ্যা ১১৬।

আর বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ পাবে মোট ১৮৬টি আসন। যদিও ভারতে সরকার গঠন করতে হলে যেকোনো দল বা জোটের লোকসভায় ২৭২ জন সাংসদের সমর্থন পেতে হয়। সেদিক দিয়ে বিজেপি যে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পর ভারতে সরকার গঠন করতে পারবে তা জোর দিয়ে বলা যাচ্ছে না। সবকিছু নির্ভর করবে তখনকার রাজনৈতিক সমীকরণ ও ছোট আঞ্চলিক দলগুলোর ওপর।

টাইমস নাউ ও সিভোটারের জরিপ অনুযায়ী, ২০১৪-এর নির্বাচনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বর্তমান ক্ষমতাসীন কংগ্রেস। লোকসভায় শতাব্দী প্রাচীন এই দলটির আসনসংখ্যা বর্তমানে ২০৬ থেকে নেমে আসবে ১০২-এ। আর কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউপিএ পাবে ১৩৬। ২০০৯-এর নির্বাচনে এই জোট পেয়েছিল ২৫৯টি আসন।

কংগ্রেস একমাত্র রাজ্য কর্ণাটক বাদে আর কোথাও ভালো ফল করতে পারবে না বলে জরিপে বেরিয়ে এসেছে। এর মধ্যে দিল্লি হারবে বিজেপির কাছে। রাজস্থান ও অন্ধ্রপ্রদেশে বড় ধাক্কা খাবে দলটি।
২০১৪-এর নির্বাচনের পর প্রধান ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে বাম ও আঞ্চলিক দলগুলো। জরিপ অনুযায়ী, দুই বড় জোট ইউপিএ ও এনডিএ পাবে ৩০৩টি আসন। বাকি ২৪০টি আসন পাবে অন্যান্য দল। এর মধ্যে আছে বামফ্রন্ট (৩২), মমতার তৃণমূল কংগ্রেস (২৩), মায়াবতীর বহুজন সমাজ পার্টি (৩১), মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টি (২৫)। আঞ্চলিক রাজনীতির কারণে এই দলগুলোর মধ্যে এতটাই অমিল যে, কোন জোট তাদের সমর্থন পাবে বা তারা নিজেরা কোনো জোট গঠন করতে পারবে কি না, আগাম তা বলা কঠিন।