ঝোলাতে যাঁর ৪৬টি 'এ'
সদ্য কৈশোর পেরিয়ে তারুণ্যে পা দিয়েছেন ১৮ বছর বয়সী পাকিস্তানি তরুণ হারুন তারিক। পড়াশোনা করছেন এ-লেভেলে। গত তিন বছরে দেশি-বিদেশি প্রায় ৪৬টি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। সব পরীক্ষাতেই ‘এ’ বা ‘এ প্লাস’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের চার্লস হ্যাভিল্যান্ড স্কুলের এ ছাত্রকে দেশটির সবচেয়ে মেধাবী শিক্ষার্থী বলে ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
হারুনের বাড়ি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। সামরিক কর্মকর্তা বাবার চাকরির সূত্রে রাজধানীতে আসা। তাই পেশোয়ারে কিছুদূর পড়াশোনার পর এখন ইসলামাবাদেই পড়াশোনা করছেন তিনি।
গত তিন বছরে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষা ও এডেক্সেলসহ দেশি-বিদেশি বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়েছেন হারুন। আন্তর্জাতিক মানের ও-লেভেল শেষ করতে যেখানে অন্য শিক্ষার্থীদের তিন বছর লেগে যায়, সেখানে হারুনের লেগেছে মাত্র এক বছর। বর্তমানে এ-লেভেলে পড়ছেন হারুন।
হারুন জানান, পড়াশোনার জন্য মা-বাবা কখনো চাপ দেননি তাঁকে। নিজের আগ্রহেই পড়াশোনার বিষয়ে মনোযোগী হয়েছেন তিনি।
হারুনের পছন্দের বিষয়ের মধ্যে রয়েছে বিজ্ঞান, ইংরেজি, উর্দু, ইসলাম ও বিশ্ব ইতিহাস। অ্যাকাডেমিক পড়াশোনার বাইরে স্কুলে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার জন্যও সময় বের করেন হারুন।
আগ্রহ থেকে শুরু করেছিলেন ফরাসি ও স্প্যানিশ ভাষা শেখা। তবে ভাষা শিখতে সময় লাগে বেশি, যা পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাওয়া কিছুটা দুষ্কর। তাই মাঝপথেই ভাষা শিক্ষা থেকে সরে আসতে হয় তাঁকে।
এ-লেভেল শেষ করার পর কোনো ব্রিটিশ বিশ্ববিদ্যালয় থেকে উড়োজাহাজ প্রকৌশল নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে তাঁর।