ঝড় ও বন্যায় বিপর্যস্ত যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড়ের প্রভাবে দেখা দেওয়া বন্যায় তলিয়ে গেছে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা। ছবি: রয়টার্স।
ঝড়ের প্রভাবে দেখা দেওয়া বন্যায় তলিয়ে গেছে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা। ছবি: রয়টার্স।

যুক্তরাজ্যের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঝড় ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের কারণে এসব এলাকার হাজারো মানুষ বিদ্যুত্ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম যুক্তরাজ্যের কেন্ট, সাসেক্স, সারি, হ্যাম্পশায়ার এলাকার এক হাজার ২০০ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এসব অঞ্চলের অধিকাংশ নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৫০টি এলাকায় বন্যা-সতর্কতা জারি করা হয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলের সাত হাজার ৫০০ স্থাপনা বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার বেশ কিছু সংযোগ দেওয়া হলেও এখনো ২৪ হাজার মানুষ বিদ্যুতের আওতার বাইরে রয়েছে। প্রকৌশলীরা জানান, কমপক্ষে এক সপ্তাহের আগে এসব স্থাপনায় নতুন করে বিদ্যুতের সংযোগ দেওয়া সম্ভব হবে না। বন্যাকবলিত এলাকাগুলোতে কাজ করতে তাঁদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে।

ঝড়ের প্রভাবে দেখা দেওয়া বন্যায় তলিয়ে গেছে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা। ছবি: রয়টার্স।
ঝড়ের প্রভাবে দেখা দেওয়া বন্যায় তলিয়ে গেছে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা। ছবি: রয়টার্স।


বেশ কিছু ফ্লাইট বাতিল ও পিছিয়ে পড়ায় পশ্চিম সাসেক্সের গ্যাটউইক বিমানবন্দরে কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন। বন্যার কারণে বিমানবন্দরটির উত্তর টার্মিনাল বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। বিমানবন্দরটির এক মুখপাত্র মন্তব্য করেন, এমন অবস্থা আগে কখনো সৃষ্টি হয়নি।
বেসামরিক বিমান পরিচালনা কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশটির আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, আটলান্টিক মহাসাগর থেকে বয়ে আসা আরও একটি ঝড় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের মধ্যে যুক্তরাজ্যে আঘাত হানতে পারে। এ সময় উপকূলীয় এলাকাগুলোতে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেড়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে।