টরন্টো বইমেলা শুরু ৫ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টরন্টোর ৯ ডজ রোডে ৫ আগস্ট শনিবার ১১তম টরন্টো বাংলা বইমেলা আয়োজন করা হচ্ছে। বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত বিরতিহীন চলবে বইমেলা। চলতি বছর অনুষ্ঠিত বাংলা একাডেমির একুশে গ্রন্থমেলায় প্রকাশিত জসিম মল্লিকের তিনটি নতুন বই পাওয়া যাবে।
তিনটি বই হচ্ছে আমার মা, স্মৃতির নির্জনতা, পরীর মতো মেয়ে।
মা বইয়ের মূল বিষয়বস্তু হচ্ছে এমন-প্রতিদিন আমি মায়ের অভাবটা তীব্রভাবে অনুভব করি। এক ধরনের অনুশোচনাও কাজ করে। সব সময় মনে হয় যতখানি মায়ের পাশে থাকার দরকার ছিল ততখানি থাকতে পারিনি। যখন কেউ চলে যায় তখনই তার অভাব আমরা অনুভব করি। কিন্তু যে যায় সে আর ফেরে না। আমার মা ছিলেন খুব সাধারণ, আমি ছিলাম তার সাধারণ সন্তান কিন্তু আমাদের স্মৃতিগুলো ছিল অসাধারণ।
মাকে নিয়ে লেখকের সেই সব টুকরো টুকরো স্মৃতিকথা বিভিন্ন সময়ে পত্রিকায় লিখেছেন, ফেসবুকে আপলোড করেছেন। মা সবার জীবনেই একটা আবেগের নাম। বাছাই করা লেখাগুলো এক মলাটে গ্রন্থভুক্ত করেছে রিদম প্রকাশনা সংস্থা। যারা মায়ের জন্য এক ফোঁটা চোখের জল জমা করে রেখেছেন তাদের জন্য এই বই উৎসর্গ করেছেন লেখক। বইটির প্রচ্ছদ করেছেন ফারিয়া হোসেন। পৃষ্ঠা সংখ্যা ১৪৫। মূল্য ২৬৫ টাকা।
স্মৃতির নির্জনতা বইয়ে লেখক টুকরো টুকরো কথামালা, যখন যেটা মনে হয়েছে, সমসাময়িক, পুরোনো স্মৃতি বা যে কোনো ভাবনার উদয় হয়েছে সেটি লিখে রেখেছিলেন ফেসবুকে। আত্মকথার মতোই। লেখকের সেসব লেখা নিয়েই ২০১৬ গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছিল এলেবেলে নামক বই। বইটি পাঠক পছন্দ করেছিল। এলেবেলের লেখা ছিল কিছুটা সংক্ষিপ্ত আকারে কিন্তু স্মৃতির নির্জনতা একটু ব্যতিক্রম। এখানে ভাবনাগুলো এসেছে বিস্তৃত আকারে। স্মৃতির নির্জনতা কোনো আত্মজীবনী না হলেও লেখকের মনে সব সময় যে সব ভাবনা বা পুরোনো স্মৃতি মনকে আলোড়িত করে, যা অন্যরাও ভাবে, সাধারণ সব ঘটনা যা সবাই তার নিজের কথাই মনে করে-এসব তারই বহিঃপ্রকাশ। স্মৃতির নির্জনতা নামটির মধ্যেই লুকিয়ে আছে অনেক না বলা কথা, অতীতের অনেক স্বর্ণালি মুহূর্ত। আনন্দ বেদনার মিশেল। বইটি প্রকাশ করেছে অনন্যা। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। পৃষ্ঠা সংখ্যা ২০৭। মূল্য ৩৫০ টাকা।
পরীর মতো মেয়ে নামক বইটির বিষয়বস্তু এমন, যে রাতে আরিফ নীলার বাসায় গেল সে রাতেই বুকে তীব্র ব্যথা উঠল। আরিফকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের জরুরি বিভাগে। মাত্র এসেছে বিদেশ থেকে স্থায়ীভাবে থাকার জন্য। নীলা জলভরা চোখে তাকিয়ে আছে তার চলে যাওয়ার দিকে। সে কি আর ফিরবে! সব সময় নীলাকে বলত, আমাকে দেখার কেউ নাই। এই পৃথিবীতে আমার কেউ নাই। নীলা বলত, তোমাকে আমি দেখব, তোমার সব করে দেব। তোমার কাছে আমি কিছু চাই না, আমার কোনো স্বার্থ নাই। সে বলত, তুমি কোনো করবা এত কিছু আমার জন্য! নীলা বলত এমনি করব, ভালোবাসি তাই করব। এসব নানা ঘটনা, দ্বন্দ্ব, সংঘাত নিয়েই উপন্যাস পরীর মতো মেয়ে। এই উপন্যাসে রয়েছে আরও অনেক নাটকীয়তা। প্রকাশ করেছে কথা প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। পৃষ্ঠা সংখ্যা ৯৫। মূল্য ১৫০ টাকা।