টরন্টোতে 'আলকেমিস্ট'-এর অনুবাদ গ্রন্থের পাঠ উন্মোচন ৩০ মার্চ

বিশ্বের সর্বাধিক জনপ্রিয় বই হিসেবে বিবেচিত ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোর বিশ্ববিখ্যাত উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’ এর বাংলা অনুবাদ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। টরন্টোর সাহিত্যপ্রেমীদের আয়োজনে আগামী ৩০ মার্চ সন্ধ্যায় টরন্টোর ওয়ার্ডেন হিলটপ কমিউনিটি সেন্টারে এই অনুবাদ গ্রন্থের পাঠ উন্মোচন করা হবে। যুগান্তকারী বইটি অনুবাদ করেছেন ফারহানা আজিম শিউলী।

‘দ্য আলকেমিস্ট’ এই পর্যন্ত মোট ৬৯টি ভাষায় অনূদিত হয়েছে, আর বিক্রি হয়েছে আট কোটিরও বেশি কপি। কাহিনি গড়ে উঠেছে আন্দালুসিয়ার মেষপালক উঠতি যুবা সান্তিয়াগো ঘিরে। এক রাতে ভাঙা পরিত্যক্ত গির্জায় রাত কাটানোর সময় সে গুপ্তধনের স্বপ্ন দেখে। গুপ্তধনের খোঁজে সে স্পেন থেকে পাড়ি জমায় মিসরের মরুভূমিতে। যাত্রাপথে তার সঙ্গে দেখা হয় এক জিপসি বুড়ি, এক স্বঘোষিত রাজা ও এক আলকেমিস্টের। রাজা তাকে শেখায়, যদি তুমি কিছু কায়মনোবাক্যে চাও, তাহলে গোটা বিশ্বব্রহ্মাণ্ড তা তোমাকে পাইয়ে দেওয়ার চক্রান্তে মাতে। এই আপ্তবাক্যই এই বইয়ের মূল উপজীব্য।
পাঠ উন্মোচন অনুষ্ঠানে বাংলা অনুবাদ সাহিত্য নিয়ে আলোচনা করবেন ইউনিভার্সিটি অব টরন্টোর বেঙ্গলি স্টাডিজের সাবেক সেক্রেটারি নীলাদ্রি চাকী। পাঠ প্রতিক্রিয়া জানাবেন লেখক ও সমাজ চিন্তাবিদ আকবর হোসেন, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক টিটো খন্দকার। অনুবাদক ফারহানা আজিম শিউলী তাঁর প্রতিক্রিয়া জানাবেন। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন সাংবাদিক শওগাত আলী সাগর।