টরন্টোর ব্যতিক্রমী বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টরন্টোর বাংলাদেশ সেন্টারে আয়োজিত বর্ষবরণে সংগীত পরিবেশন শিল্পীদের
টরন্টোর বাংলাদেশ সেন্টারে আয়োজিত বর্ষবরণে সংগীত পরিবেশন শিল্পীদের

টরন্টোর ২৬৭০ ডানফোর্ড অ্যাভিনিউয়ে হয়ে গেল ব্যতিক্রমধর্মী বর্ষবরণ। ১৬ এপ্রিল বাংলাদেশ সেন্টারের (বিসিসিএস) নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টরন্টোর অন্যতম বড় বাংলাদেশি সমাজকল্যাণ সংস্থা ‘বাংলাদেশ সেন্টার’ এবং এর অঙ্গসংগঠন ‘ইয়ুথ এনগেজমেন্ট ইনিশিয়েটিভ (ওয়াইইআই)’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নেন বিসিসিএসের বিভিন্ন প্রবীণ হিতৈষী প্রকল্পের (সিনিয়র প্রোগ্রামস) সদস্য ও স্বেচ্ছাসেবক এবং ওয়াইইআইয়ের সদস্য কিশোর-তরুণেরা।
জীবনগল্পের বিপরীত দুই প্রান্তের এই দুই প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠানটি পায় এক ভিন্ন মাত্রা। প্রবীণদের অংশগ্রহণে গীতিনাট্য দিয়ে অনুষ্ঠানটির শুরু হয়। বর্ষবরণের চিরায়ত অনুষঙ্গ ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে পরিবেশিত হয় দলগত নৃত্য আর একক নৃত্য। দ্বিতীয় পর্বে ওয়াইইআইয়ের সাধারণ সম্পাদক মোহনা ও তাঁর সহযোগী সদস্য মুগ্ধ এবং কাব্যর গিটার-তবলার সমন্বয়ে ফিউশনধর্মী আধুনিক বাংলা গান গেয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে নববর্ষের আবহ ধরে রাখতে শিঙাড়া, সন্দেশ, ঝাল-মুড়ি আর চায়ের ব্যবস্থা রাখা হয়। শেষ পর্যায়ে বাংলাদেশি-কানাডীয় কমিউনিটির তরুণ সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট ইনিশিয়েটিভের কার্যক্রম সম্পর্কে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রাইফাহ নাজাহ খান ও ট্রেজারার আইশা তাবাসসুম সংক্ষিপ্ত বক্তব্য দেন।
চলমান বিভিন্ন কার্যক্রম, যেমন ছোটদের ছবি আঁকার ক্লাস, স্বাস্থ্য-সচেতনতা বিষয়ক প্রচারণার কথা যেমন আসে, তেমনি শিগগির শুরু হতে যাওয়া মানসিক স্বাস্থ্যবিষয়ক মতবিনিময় এবং কর্মশালা, এলিমেন্টারি, জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের জন্য আফটার স্কুল প্রোগ্রাম এবং মূলধারার প্রখ্যাত সংগঠন ‘ইস্ট অ্যান্ড আর্টস’-এর সঙ্গে যৌথ উদ্যোগে তরুণদের জন্য শুরু হতে যাওয়া ম্যুরাল তৈরি বিষয়ক প্রশিক্ষণের কথাও বলা হয়।
পুরো অনুষ্ঠানটিতে ওয়াইইআইয়ের সদস্যদের মাঝে সমন্বয় করেন প্রধান উপদেষ্টা রিজওয়ান রহমান। বাংলাদেশ সেন্টারের নানামুখী কর্মকাণ্ডের ব্যাপারে জানতে এবং এর সঙ্গে যুক্ত হতে তিনি কমিউনিটির সবাইকে আহ্বান জানান। অনুষ্ঠানে প্রবীণদের গীতিনাট্যে সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন প্রখ্যাত শিল্পী আইকো কাজী। উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ সেন্টারের পরিচালনা পর্ষদের সদস্য ড. মাহবুব রেজা।