টরন্টোয় ফেনীবাসীর মিলনমেলা

কানাডায় বসবাসরত ফেনীবাসী টরন্টোর স্কারবোরোর থমসন মেমোরিয়াল পার্কে ১৬ জুলাই দিনব্যাপী বনভোজনের আয়োজন করেছেন। টরন্টো ও আশপাশের এলাকায় অবস্থানরত দুই শতাধিক ফেনীবাসীর পরিবার-পরিজনের সদস্যরা এতে অংশ নেন। তাঁরা বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিজ নিজ পরিবারের সদস্যদের মধ্যে তুলে ধরা ও চালু রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
স্কারবোরোর প্রাণকেন্দ্র থমসন পার্কের মনোরম পরিবেশে আয়োজিত মিলনমেলায় বেলা ১১টা থেকে অতিথিরা জড়ো হতে শুরু করেন। দুপুরের মধ্যেই ফেনীবাসীর পদচারণে থমসন পার্ক সরগরম হয়ে ওঠে। হরেক রকমের সুস্বাদু খাবারের আয়োজন ছিল মধ্যাহ্নভোজে। ভোজের পরপরই শিশুরা মেতে ওঠে বিভিন্ন খেলাধুলায়। নারী-পুরুষের জন্য আলাদাভাবে প্রতিযোগিতার আয়োজন ছিল। খেলাধুলার পর্ব শেষে বনভোজনে গান পরিবেশন করেন মহিউদ্দিন স্বপন ও হামিদুর রহমান। কৌতুক পরিবেশন করেন ইসমত আরা মোস্তফা। ফেনীর আঞ্চলিক ভাষায় কথা বলে অনুষ্ঠান মাতিয়ে তোলেন মামুন হাজারী।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হয় আলোচনা পর্বের। খোরশেদ খানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ভাষাসৈনিক শামসুল হুদা, অধ্যাপক কাজী সদরুল হক, সমাজকর্মী এনামুল হক চৌধুরী, লেখিকা রুমানা চৌধুরী, চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিন আহমেদ, মো. নাজিম উদ্দিন, মো. আলমগীর প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, প্রবাসে শুধু প্রবীণেরা বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও বাংলা ভাষাকে ধারণ করলে হবে না। এখানে জন্ম নেওয়া শিশু ও তরুণদের মধ্যেও এই আলো ছড়িয়ে দিতে হবে। পরিবারে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে হবে। তাহলেই প্রবাসে বাংলাদেশের যথার্থ প্রতিনিধিত্ব বজায় থাকবে।
আলোচনা শেষে খেলাধুলা ও র্যাফল ড্রয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড. কাজী সদরুল হক ও প্রকৌশলী মুহাম্মদ জাফর। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল মিন্টো, শহিদুল ইসলাম, অধ্যাপক মাহফুজ শিপু, রিমন মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠান আয়োজনে আর্থিক সহায়তা করেন রিয়েলেটর নূর মোহাম্মদ ও মফিজুর রহমান। অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন খোরশেদ খান, নাসির উদ্দিন, জামাল উদ্দিন, শরিফ উদ্দিন, বাহাউদ্দিন ও মো. হানিফ। বিজ্ঞপ্তি