টরন্টোয় লেখক সম্মেলন ১৪ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার টরন্টোতে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালি লেখক সম্মেলন। শহরের ৯ ডজ রোডের কানাডিয়ান লিজিয়ন হলে অনুষ্ঠেয় এই লেখক সম্মেলন বিকেল ৪টায় শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।

সম্মেলনের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন কানাডীয় সাহিত্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব টরন্টো পোয়েট লরিয়েট অ্যান মাইকেলস, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী, কবি ইকবাল হাসান, লেখক ড. দিলীপ চক্রবর্তী, রাইটার্স ইউনিয়ন অব কানাডার নির্বাহী পরিচালক ঔপন্যাসিক, কবি ও কলামিস্ট জন ডেগেন এবং কানাডার সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাইটারস ট্রাস্ট অব কানাডার নির্বাহী পরিচালক মেরি অসবর্ন। উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেবেন বিচেস-ইস্টইয়র্ক এলাকার পার্লামেন্ট সদস্য নাথানিয়েল এসকারিন স্মিথ ও এমপিপি আর্থার পটস।
বিভিন্ন পর্বে কবিতা, কথাসাহিত্য, গদ্যসাহিত্য নিয়ে আলোচনা ও পাঠে অংশ নেবেন বিপুলসংখ্যক বাঙালি-অবাঙালি তরুণ-প্রবীন কবি ও লেখক। এবারের লেখক সম্মেলনে টরন্টো ও জিটিএর বাইরে অবস্থিত কানাডার দূর দূরান্তর শহর থেকেও অংশ নিতে উপস্থিত হবেন উল্লেখযোগ্য সংখ্যক সাহিত্য প্রাণ মানুষ। অসুবিধার কারণে দূরের শহরের যেসব কবি ও লেখক সশরীরে উপস্থিত থাকতে পারবেন না, তাঁরা ভিডিওযোগে সংযুক্ত হবেন লেখক সমাবেশের সঙ্গে।
আয়োজক সংগঠন বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টারের (বিএলআরসি) পক্ষ থেকে সব কবি, লেখক ও সাহিত্যপ্রেমীকে সম্মেলনে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
কবি ও লেখকদের পরস্পরের বই সম্পর্কে ধারণা লাভ এবং তাঁদের গ্রন্থ সম্পর্কে পাঠকদের ধারণা বৃদ্ধির জন্য এবারও সম্মেলনে বিনা খরচে লেখকদের বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে। আগ্রহী লেখকদের সংগঠনের সচিব ফায়েজুল করিমের সঙ্গে (ফোন নম্বর ৬৪৭-৪৭৩-০০৪৭) যোগাযোগের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি