টরন্টোয় 'কারাগারের রোজনামচা' নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টরন্টোয় ১০ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর কারাগারে থাকাকালে লেখা দিনলিপি ‘কারাগারের রোজনামচা’ বইয়ের ওপর আলোচনার আয়োজন করে বাংলা টেলিভিশন কানাডা
টরন্টোয় ১০ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর কারাগারে থাকাকালে লেখা দিনলিপি ‘কারাগারের রোজনামচা’ বইয়ের ওপর আলোচনার আয়োজন করে বাংলা টেলিভিশন কানাডা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারে থাকাকালে লেখা দিনলিপি ‘কারাগারের রোজনামচা’ বইয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাংলা টেলিভিশন কানাডা’র আয়োজনে ১০ সেপ্টেম্বর টরন্টোয় এ আলোচনা অনুষ্ঠিত হয়।
টরন্টোর ওয়ার্ডেন হিলটপ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন টরন্টোর জর্জব্রাউন কলেজের শিক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. সুজিত দত্ত এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক সহসাধারণ সম্পাদক নাসির উদ দুজা।
অনুষ্ঠানে অধ্যাপক ড. সুজিত দত্ত বলেন, আমরা জানি ‘ওয়ার্ল্ড লিটারেচর অব প্রিজন’ একটা স্বীকৃত সাহিত্য। এর মধ্যে দস্তয়ভস্কি’র ‘দ্য হাউস অব দ্য ডেড’, আন্তোনিও গ্রামসির ‘প্রিজন নোটবুকস’, নেলসন ম্যান্ডেলার ‘লং ওয়াক টু ফ্রিডম’, স্যার ওয়াল্টারের ‘হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড’ ও জওহরলাল নেহরুর ‘ডিসকভারি অব দ্যা ওয়ার্ল্ড’ উল্লেখযোগ্য। এ তালিকায় বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ একটি নতুন সংযোজন।
সুমু হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনায় নাসির উদ দুজা বলেন, বঙ্গবন্ধু তার জীবনের মোট ৪ হাজার ৬৮২ দিন বা প্রায় ১৩ বছর পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন। ৫৪ বছরের জীবনকালে সাবালকপ্রাপ্তির পর প্রায় এক-তৃতীয়াংশই তিনি জেলে ছিলেন। তাই বঙ্গবন্ধুকে বুঝতে হলে তাঁর জেল জীবনকে জানতে হবে। আর সে জন্যে তাঁর ‘কারাগারের রোজনামচা’ বইটি পাঠ করা আবশ্যক।
বইয়ের ওপর আলোচনা শেষে শুরু হয় মুক্ত-আলোচনা। এ পর্ব সঞ্চালন করেন হাসান মাহমুদ। ‘ছয়দফা ও বাঙ্গালির স্বাধিকার আন্দোলন’ শীর্ষক এ মুক্ত আলোচনায় শরীফ আব্দুস সালাম, মিনারা বেগম, সালাহউদ্দিন শৈবাল, মোস্তফা কামাল, আজিজুর রহমান প্রিন্স, বিদ্যুৎ রঞ্জন দে, ফায়জুল করিম, হাসিনা আখতার জানু, আইনুন আফরোজাসহ উপস্থিত দর্শকেরা স্বতঃস্ফূর্ত অংশ নেন।
উল্লেখ্য, বাংলা টিভি’র ‘মুক্তচিন্তা’ ধারাবাহিক অনুষ্ঠানমালার অংশ হিসেবে আয়োজিত এ আলোচনার পূর্ণাঙ্গ ভিডিও চিত্র শিগগিরই বাংলা টেলিভিশন কানাডায় প্রচার করা হবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যানেলটির নিজস্ব পাতায়ও ভিডিওটি প্রকাশ করা হবে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফিজ আল আসাদ।