টরন্টোয় 'ফিউচার সিটি' গড়বে অ্যালফাবেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার টরন্টোয় একটি জল পরিবেষ্টিত এলাকাকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ‘ফিউচার সিটি’ হিসেবে গড়ে তুলবে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। বিভিন্ন স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ এলাকাকে পূর্ণাঙ্গ ডিজিটাল সিটি হিসেবে গড়ে তুলবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি অ্যালফাবেটের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ফিউচার সিটি গড়ে তোলার লক্ষ্যে টরন্টোয় অ্যালফাবেটের মালিকানাধীন কোয়েসাইড এলাকায় স্থাপন করা হবে দ্রুতগতির ওয়াইফাই ও কয়েক মিলিয়ন সেন্সর। ৮০০ একর বিস্তৃত এ এলাকায় থাকবে টেকসই জ্বালানি ও স্বয়ংক্রিয় গাড়ির চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের জনবহুল ও গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর ক্রমবর্ধমান জনঘনত্ব ও এ থেকে উদ্ভূত দূষণ রোধে রীতিমতো হিমশিম খাচ্ছে। এ অবস্থায় আধুনিক বহু শহরেই সংকট নিরসনে এগিয়ে আসছে প্রযুক্তি কোম্পানিগুলো। বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনজীবনকে সহজ করতে এসব কোম্পানি কাজ করছে। এর মাধ্যমে নিজেদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির মাঠ পর্যায়ে পরীক্ষার সুযোগ পাওয়ায় কোম্পানিগুলোও লাভবান হচ্ছে। এ ধারায় সাম্প্রতিকতম উদ্যোগটি নিয়েছে অ্যালফাবেট। প্রতিষ্ঠানটি টরন্টোর একটি অঞ্চলকে ডিজিটাল সিটিতে রূপান্তর করতে কাজ করার উদ্যোগ নিয়েছে।
আমেরিকাভিত্তিক গবেষণা সংস্থা ইনো সেন্টার ফর ট্রান্সপোর্টেশনের পরিকল্পনা বিশেষজ্ঞ রবার্ট পুয়েন্তেসের মতে, টরন্টোয় যেমনটা হচ্ছে, এমন সরকারি-বেসরকারি অংশীদারত্বের মধ্য দিয়ে উভয় পক্ষই উপকৃত হয়। তবে এ ক্ষেত্রে শহর কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া প্রয়োজন। বিশেষত এমন চুক্তিগুলো থেকে শহরটি ঠিক কী পাচ্ছে তা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়ন শহর কর্তৃপক্ষের মূল লক্ষ্য হলেও কোম্পানিগুলোর ক্ষেত্রে লাভ-লোকসানের হিসাবটিই প্রধান। ফলে নিজেদের লক্ষ্য অর্জনে শহর কর্তৃপক্ষকেই ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে কোনো কোম্পানির দিকে তাকিয়ে থাকাটা বুদ্ধিমানের
কাজ নয়।
কোয়েসাইড এলাকায় ‘সাইডওয়াক টরন্টো’ নামের এ ফিউচার সিটি গড়ে তোলার উদ্যোগকে এরই মধ্যে স্বাগত জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক বিবৃতিতে তিনি বলেন, কোয়েসাইড নতুন নতুন প্রযুক্তির একটি পরীক্ষা ক্ষেত্র হয়ে উঠবে, যা আরও সবুজ, স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক শহর গড়ে তুলতে আমাদের সহায়তা করবে।
সাইডওয়াক টরন্টোর এ প্রকল্পের প্রধান নির্বাহী করা হয়েছে নিউইয়র্ক শহরের সাবেক ডেপুটি মেয়র ড্যান ডক্টোরফকে। নিজেদের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, শহরের জীবনযাত্রার ব্যয় কীভাবে কমিয়ে আনা যায়, তা বিশ্বের সামনে আমরা উপস্থাপন করতে পারব বলে বিশ্বাস করি। একই সঙ্গে নাগরিক সব সুযোগ-সুবিধা আরও স্বাস্থ্যকর, পরিবেশসম্মত ও ন্যায্যতার সঙ্গে সবার জন্য উন্মুক্ত করা যায় তাও প্রকল্প তুলে ধরতে সক্ষম হবে। প্রাথমিকভাবে প্রকল্পের বাস্তবায়ন ব৵য় ধরা হয়েছে ৫০ মিলিয়ন ডলার।
প্রসঙ্গত, অ্যালফাবেটের এ বিষয়ক অঙ্গপ্রতিষ্ঠান সাইডওয়াক ল্যাবের মাধ্যমে প্রতিষ্ঠানটি এরই মধ্যে
বেশ কয়েকটি শহরে স্মার্ট সিটি গড়ে তুলতে কাজ করছে। এর মধ্যে
রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বেশ কয়েকটি শহরও।