টরোন্টোর কলঙ্কিত মেয়র রব ফোর্ডের ক্ষমতা কমল

কানাডার বৃহত্তম শহর টরোন্টোর মেয়র মাদক কেলেঙ্কারিতে কলঙ্কিত রব ফোর্ডের ক্ষমতা কমানো হয়েছে। নগর পরিষদ গত সোমবার ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়। মেয়রের দপ্তরের বাজেটও ৬০ শতাংশ কমানো হয়।
নগর পরিষদের এ সিদ্ধান্তের ফলে রব ফোর্ড কার্যত নামমাত্র মেয়রে পরিণত হলেন। এ ছাড়া পদত্যাগের জন্য তাঁর ওপর চাপও বাড়ল। তবে ফৌজদারি অপরাধের দায়ে দোষী সাব্যস্ত না হলে তাঁকে মেয়র পদ থেকে অপসারণের ক্ষমতা নগর পরিষদের নেই।
রব ফোর্ড নগর পরিষদের ভোটাভুটিকে ‘অসাংবিধানিক’ ও ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়েছেন। পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় ফোর্ড বলেন, এই ভোটাভুটি একটি অভ্যুত্থান।
কয়েক মাস ধরে অস্বীকারের পর সম্প্রতি কোকেন সেবনের অভিযোগ স্বীকার করেন ফোর্ড। ‘মদের নেশায় প্রায় বেহুঁশ অবস্থায়’ কোকেন সেবনের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
স্বীকারোক্তির পর থেকে নৈতিক কারণে পদত্যাগের জন্য বেশ চাপের মুখে পড়েন রব ফোর্ড। একপর্যায়ে মেয়রের দায়িত্বে থাকাকালে নেশা করার জন্য অবৈধ মাদকদ্রব্য কেনার অভিযোগও স্বীকার করেছিলেন তিনি। বিবিসি।