টাইটানিকের অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্টের জীবনাবসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডের শতবর্ষী অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্ট আর নেই। লস অ্যাঞ্জেলেসে গত রোববার নিজের বাড়িতে তিনি মারা গেছেন। টাইটানিক (১৯৯৭) চলচ্চিত্রে অভিনয়ের পর অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন গ্লোরিয়া। ওই ছবিতে বৃদ্ধ বয়সের রোজ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তরুণী রোজের ভূমিকায় ছিলেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট।স্বর্ণকেশী এই অভিনেত্রী তিরিশের দশকে হলিউডে শীর্ষস্থানীয় অভিনেত্রীদের অন্যতম ছিলেন। পরে অবশ্য চলচ্চিত্র থেকে দীর্ঘ বিরতি নেন এবং চিত্রশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সত্তর ও আশির দশকে টেলিভিশন ও চলচ্চিত্র জগতে আবার ফিরে আসেন গ্লোরিয়া।গ্লোরিয়ার মেয়ে সিলভিয়া থম্পসন বলেন, পাঁচ বছর আগে তাঁর ফুসফুসের ক্যানসারের চিকিৎসা করানো হয়। তিনি স্তনক্যানসার থেকেও সামলে উঠেছিলেন। এএফপি।