টাইম সাময়িকীর দ্বিতীয় বর্ষসেরা মালালা
প্রভাবশালী টাইম সাময়িকীর ২০১২ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অনেক জল্পনাকল্পনা হলেও পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনকর্মী কিশোরী মালালা ইউসুফজাই হয়েছেন দ্বিতীয় বর্ষসেরা (রানারআপ) ব্যক্তিত্ব।মালালা ইউসুফজাই নারীশিক্ষার উন্নয়নের জন্য আন্দোলন করে বিখ্যাত হয়েছে। তবে তালেবান বন্দুকধারীদের হামলায় বেঁচে যাওয়ায় পর সারা বিশ্বে মালালা বীর হিসেবে পরিচিতি পায়।৯ অক্টোবর তালেবান বন্দুকধারীরা মালালার স্কুলবাসে উঠে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা পালিয়ে যায়। বর্তমানে মালালা যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। তবে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। বর্তমানে সে পড়তে, লিখতে ও কথা বলতে পারছে।তবে তালেবান বন্দুকধারীদের হামলার আগে থেকেই মালালা বিবিসির ব্লগে লিখে বিশ্বব্যাপী পরিচিতি পায়। সে ব্লগে নারীশিক্ষা ও নারীদের সমস্যা নিয়ে লিখত। টাইম সাময়িকী জানায়, মালালার সহপাঠীরা ইতিমধ্যে সাহসী হয়ে উঠেছে। মালালাই তাদের তৈরি করেছে। এপি।