টাইম সাময়িকীর শীর্ষ দশে আন্না হাজারে
প্রতিবছর বর্ষসেরা ব্যক্তি ও ঘটনার তালিকা প্রকাশ করে বিখ্যাত টাইম সাময়িকী। তাদের মতে, ২০১১ সালের বর্ষসেরা ‘আরব বসন্ত’ থেকে শুরু করে ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনের বিক্ষোভকারীরা। এই তালিকায় এবার ভারত থেকে ঠাঁই পেয়েছেন দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে।সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি ও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ১০টি শীর্ষ খবরের তালিকায় আছে আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলন। তাঁর নেতৃত্বে ওই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ভারতের মানুষ। অচলাবস্থা তৈরি হয় ভারতীয় পার্লামেন্টে।টাইম লিখেছে, ‘এটা অকল্পনীয় যে আন্নার মতো একজন প্রবীণ ব্যক্তি এত বড় একটি জনপ্রিয় আন্দোলনের পুরো নেতৃত্বে ছিলেন। কিন্তু গান্ধীবাদী এই মানুষটির আন্দোলন ভারতের ক্ষমতাসীন সরকারকে আগুনের ওপর নিয়ে দাঁড় করিয়েছিল।’টাইম আরও লিখেছে, ‘দুর্নীতির বিরুদ্ধে দফায় দফায় অনশন করেন আন্না। আর তাঁর এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে দেশের লাখ লাখ মানুষ। অচল হয়ে পড়ে পার্লামেন্ট। সমালোচকেরা আন্নার সঙ্গে হিন্দু রক্ষণশীলদের ঘনিষ্ঠতার অভিযোগ তুললেও তাঁর সঙ্গে একমত প্রকাশ করেছে ভারতের মধ্যবিত্ত শ্রেণী, যারা দশকের পর দশক ধরে দুর্নীতি ও আমলাতন্ত্রে জর্জরিত।’দুর্নীতিবিরোধী আন্দোলনের সফলতায় আন্না নিজেও বিস্মিত। টাইমকে তিনি বলেন, ‘আমি এখনো বুঝে উঠতে পারি না, এটা কীভাবে সম্ভব হলো। আমার মতো একজন দরিদ্র, যে কিনা মন্দিরে বাস করে, যার কোনো অর্থ নেই, বিত্ত নেই, নেই কোনো ক্ষমতা; তার পেছনে সারা দেশের মানুষ একাত্ম হলো, একই সুরে কথা বলল।’আন্না বলেন, ‘আসলে ঈশ্বর যখন কোনো পরিবর্তন চান, তখন তাঁর একজন বাহনের প্রয়োজন হয়। আমিই সেই বাহন।’ এনডিটিভি।