টাইমস স্কয়ারে নববর্ষের উৎসবে ২০ লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের টাইমস স্কয়ারে নববর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠানস্থলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সন্ত্রাসবিরোধী টাস্কফোর্সের এই সদস্যরা। এক ফাঁকে তাঁদের সেলফি তুলতে দেখা যায় l রয়টার্স
নিউইয়র্কের টাইমস স্কয়ারে নববর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠানস্থলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সন্ত্রাসবিরোধী টাস্কফোর্সের এই সদস্যরা। এক ফাঁকে তাঁদের সেলফি তুলতে দেখা যায় l রয়টার্স

দেশে দেশে ছিল আতশবাজির ঝলকানি। অঞ্চলভেদে কিছু ঐতিহ্যবাহী আয়োজনও। নিরাপত্তাগত শঙ্কাকে পাশ কাটিয়ে উৎসবের মাধ্যমেই নতুন বছরকে বরণ করে নিল বিশ্ববাসী।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে টাইমস স্কয়ারে নতুন বছরকে বরণ করে নেওয়ার মুহূর্তে প্রায় ২০ লাখ লোক জড়ো হয়েছিলেন বলে জানিয়েছেন আয়োজকেরা। সেখানে ঐতিহ্যবাহী ‘বল ড্রপের’ মাধ্যমে শুরু হয় উৎসব। এর মাঝে ছড়িয়ে-ছিটিয়ে পড়া অগুনতি বর্ণিল কনফেটির মধ্যে শুয়ে সেলফি তোলেন অনেকে। সেখানে বিস্ফোরণ কিংবা ট্রাক নিয়ে হামলা রোধে ছিল নিরাপত্তাব্যবস্থা। টাইমস স্কয়ারের চারদিকে ৪০ টনের ৬৫টি বালুর ট্রাক এবং ১০০টি ছোট যান রেখে নিরাপত্তাবলয় তৈরি করা হয়। মোতায়েন ছিল ৭ হাজার পুলিশ।
লন্ডনে টেমস নদীর তীরে আতশবাজি উৎসবের আয়োজন করা হয়। এর সঙ্গে ছিল কনসার্ট। ফ্রান্সের প্যারিসে আর্ক দো ত্রিয়ঁফ থেকে আতশবাজির খেলা দেখতে জড়ো হন বহু মানুষ।
রাশিয়ার মস্কোতে ক্রেমলিন প্রাসাদ থেকে শুরু হয় আতশবাজির আলোর বিচ্ছুরণ। মস্কোর আকাশ লাল-হলুদ আলোতে রাঙিয়ে দেয় তা।
দক্ষিণ আমেরিকার চিলিতে নতুন বছরকে বরণ করে নিতে উপকূলীয় শহর ভালপারাইসোতে আয়োজন করা হয় আতশবাজির উৎসব। ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত কোপাকাবানা সৈকতেও ছড়ায় আতশবাজির রোশনাই। সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা আর গ্রিসের প্রাচীন পার্থেনন মন্দির এলাকায়ও হয় একই রকম আলোর খেলা।