টাইমের চোখে যুক্তরাষ্ট্রের 'আরেক সমস্যা' মোদি
ভারতীয় কূটনীতিক দেবযানী খোবড়াগাড়কে গ্রেপ্তারের জের ধরে সম্প্রতি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। আপাতত সেটি একটু থিতু হয়েছে। তবে ভারতের সামনের নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে ঘিরে দেশ দুটির সম্পর্কে আবার টানাপোড়েন শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘টাইম’।
আইএএনএস বলছে, ‘টাইমে’র আসছে ২৭ জানুয়ারিতে প্রকাশিতব্য সংখ্যায় যে সংবাদটি প্রকাশিত হতে যাচ্ছে, তাতে এক প্রতিবেদনে মোদিকে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য ‘আরেক সমস্যা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্কে নিযুক্ত ভারতীয় কূটনীতিক দেবযানীকে গত মাসের মাঝামাঝি সময়ে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এক গৃহকর্মীকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সময় ভিসার আবেদনপত্রে মিথ্যা তথ্য দিয়েছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় ভারত। কূটনৈতিক দায়মুক্তির সুবাদে এক সপ্তাহ আগে দেশে ফিরে আসেন দেবযানী।
‘টাইম’ সাময়িকীতে মাইকেল ক্রাউলের ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে, এমন আশা করা ঠিক হবে না। এমনকি আগামী দিনে উত্তেজনা আরও বাড়তে পারে। কারণ, আরও প্রভাবশালী এক ভারতীয়ের সঙ্গে ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সমস্যা রয়েছে।
২০০৫ সালে মোদিকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০০২ সালে গুজরাটে হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গায় উসকানি দিয়েছিলেন তিনি। সেই মোদি হতে পারেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। আগামী মে মাসে অনুষ্ঠেয় নির্বাচনে তাঁর দল বিজেপির অবস্থান বেশ শক্তিশালী। মোদি এখনো যুক্তরাষ্ট্রের কাছে ‘গ্রহণযোগ্য নন’ উল্লেখ করে ‘টাইম’ সাময়িকীর প্রতিবেদনে বলা হয়, মোদির সমালোচকেরা মনে করেন, সাম্প্রদায়িক দাঙ্গায় উসকানিদাতা ছিলেন মোদি। কিন্তু ভারতের কোনো আদালত তাঁর বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ পায়নি। মোদি যখন ভারতের জাতীয় নেতা ছিলেন না, তখন তাঁকে ভিসা না দেওয়াটা অযৌক্তিক মনে হয়নি। তবে তিনি ভারতের প্রধানমন্ত্রী হলে ওয়াশিংটন কি তাঁকে কালো তালিকায় রাখতে পারবে?
মোদির ভিসা ইস্যুতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা বিভক্ত উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আনা এক প্রস্তাবে মোদিকে ভিসা না দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়।
তবে মার্কিন বাস্তববাদী ও ব্যবসায়ী নেতারা তাঁকে যুক্তরাষ্ট্রে প্রবেশে অনুমতি দেওয়ার পক্ষে। তাঁদের মতে, নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সুদূরপ্রসারী সম্পর্কের ব্যাপারটা মাথায় রেখেই শুধু মোদিকে মূল্যায়ন করা উচিত। ব্যবসায়ীদের এমন মতামতের কারণ উল্লেখ করতে গিয়ে ক্রাউলে বলেছেন, মোদি যেভাবে বিদেশি বিনিয়োগের জন্য ভারতের মাটি উন্মুক্ত করে দিতে চান, সেটি মার্কিন ব্যবসায়ীদের জন্য খুবই লোভনীয়।
প্রতিবেদনে বলা হয়, মোদি নির্বাচনে জিতে গেলে তাঁকে ভিসা দিতে ওবামা প্রশাসনের ওপর দেশি-বিদেশি চাপ বাড়বে। দুই দেশকেই সামনে এগিয়ে যেতে হবে এবং মোদির অতীত কর্মকাণ্ড যাতে ওই যৌথ পথচলাকে দ্বিধান্বিত করে না দেয়, সে ব্যাপারে সতর্ক হতে হবে।